
শেষ আপডেট: 29 July 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের গোড়ার দিকে ভারতকে অস্কার এনে দিয়েছিল যে দক্ষিণী ছবিটি তার নাম আরআরআর (rrr2 scriptwriting has started 2nd part sets in africa)। এস রাজামৌলির পরিচালনায় এই ছবিতে নজর কেড়েছিলেন জুনিয়র এনটিআর এবং রামচরণ। দুই অভিনেতার 'নাটু নাটু' নাচের ছন্দে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার এই ছবির দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল আসার প্রস্তুতি শুরু হয়ে গেল।
আগের তুলনায় আরও বড় ক্যানভাসে রাজামৌলি ফুটিয়ে তুলতে চলেছেন 'আরআরআর' ছবির দ্বিতীয় পর্ব। এই পর্বে জুনিয়র এনটিআর এবং রামচরণ অর্থাৎ ছবির সীতারামা রাজু এবং কোমারাম ভীম আফ্রিকায় অভিযান চালাবে, এমনই পরিকল্পনা রয়েছে নির্মাতাদের তরফে। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তো রামচরণ জুনিয়র এনটিআর সহ গোটা টিম উড়ে যাবেন আফ্রিকায়।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ জানান তিনিই আফ্রিকার প্রেক্ষাপটে আরআরআর ২ ছবিটি বানানোর প্রস্তাব দিয়েছিলেন। বাবার আইডিয়া শুনে পছন্দ হয় পরিচালক ছেলের। তারপরই শুরু হয় আরআরআর ২ ছবির চিত্রনাট্য লেখার কাজ।
এই মুহূর্তে রাজামৌলি ব্যস্ত মহেশবাবুকে নিয়ে তাঁর আগামী ছবির শ্যুটিংয়ে। সেই ছবি শেষ হলে তবেই পরিচালক মন দেবেন আরআরআর ২ ছবির শ্যুটিংয়ে, মন্তব্য পরিচালকের বাবা বিজয়েন্দ্র প্রসাদের। আরআরআর ২ এর সিক্যুয়েল বানানো হলে তার গল্প যে কাহিনীকার বিজয়েন্দ্র প্রসাদই লিখবেন এমন ইঙ্গিত আরআরআর মুক্তির সময়ই রাজামৌলি দিয়েছিলেন।