
শেষ আপডেট: 27 March 2022 09:25
দ্য ওয়াল ব্যুরো: ‘বাহুবলী’র পর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে (tollywood) ফের ধামাকা এনেছেন এসএস রাজামৌলি। বিশ্বজুড়ে দাপিয়ে ব্যবসা করছে তাঁর ‘আরআরআর’ (RRR)। এই ছবি প্রথম দিনের বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় ছবি হিসেবে বক্স অফিসে সবচেয়ে বেসি ব্যবসা করার রেকর্ড এখন ‘আরআরআর’-এর হেফাজতেই। সেই ছবিকে এবার প্রশংসায় ভরিয়ে দিলেন আরেক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)।
আরও পড়ুন: বাহুবলীর রেকর্ড চুরমার, রাজামৌলির 'আরআরআর' প্রথম দিনেই রূপকথা সাজাল বক্স অফিসে
‘আরআরআর’ ছবিতে রাম চরণ (Ram Charan), জুনিয়র এনটিআরের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে। আল্লু অর্জুন টুইটে লিখেছেন, এটাই রাম চরণের কেরিয়ারের সেরা পারফরম্যান্স। ‘আরআরআর’ ছবির পুরো টিমকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘পুষ্পা’। লিখেছেন, ‘কী অসাধারণ একটা ছবি! এসএস রাজামৌলি আমাদের গর্ব, ওঁকে আমার শ্রদ্ধা জানাই। রাম চরণের জন্যেও খুব গর্ব হচ্ছে। এটা ওর কেরিয়ার বেস্ট পারফরম্যান্স।
‘আরআরআর’ অর্থাৎ ‘রাইজ, রোর অ্যান্ড রিভোল্ট প্রথম দিনে বক্স অফিসে ২২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কলাকুশলীদের পারিশ্রমিক বাদ দিয়ে ছবিটির মোট বাজেট ৩৩৬ কোটি। ‘বাহুবলী ২’ যেমন চারদিকে আলোড়ন ফেলে দিয়েছিল মুক্তির পর, ‘আরআরআর’ তাঁকেও ছাপিয়ে গেছে বলে দাবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’ও বক্স অফিসে দাপিয়েছে। কিন্তু ‘আরআরআর’-এর কাছে সেসবই ফিকে।