.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 5 April 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার যুজবেন্দ্র ও ডান্সার-ইনফ্লুয়েন্সার ধনশ্রী বর্মার বিচ্ছেদের পর থেকেই আরজে মাহভাশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে। এর মধ্যেই শনিবার মহভাশ নিজের ইনস্টাগ্রামে একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন, যেখানে আবার উঠে আসে যুজবেন্দ্রের নাম।
ভিডিওটিতে মাহভাশ একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রোমোট করেন। ক্রিকেট টিম বানানোর প্রসঙ্গে তিনি বলেন, “টিম বানাও আর টাকা কামাও, উইকেট তো যুজবেন্দ্র নেবেই।” মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
কবে থেকে শুরু এই গুঞ্জন?
২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম যুজবেন্দ্র ও মহভাশের সম্পর্কের গুজব সামনে আসে, যখন মহভাশ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায়, তিনি যুজবেন্দ্র ও আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বড়দিন উদযাপন করছেন। এরপর আরও একবার যুজবেন্দ্রকে এক ‘মিস্ট্রি গার্ল’-এর সঙ্গে দেখা যায়, যাঁকে অনেকেই মাহভাশ বলে দাবি করেন।
সবশেষে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে। তাদের একসঙ্গে স্টেডিয়ামে থাকা ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই গুজবের বিরুদ্ধে এক সময় কড়া প্রতিক্রিয়া দেন আরজে মাহভাশ। ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টে তিনি লেখেন, “গত কয়েকদিন ধরে যেসব খবর ঘুরছে, তা একেবারেই ভিত্তিহীন। কাউকে বিপরীত লিঙ্গের কারও সঙ্গে দেখা গেলেই কি সে সম্পর্ক করছে?'
এখানেই নয়, আরও লিখেছেন, "আমি তো বুঝতেই পারছি না, তাহলে আপনাদের প্রত্যেকেরই কতজন করে প্রেমিক বা প্রেমিকা রয়েছে? কয়েকদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর নয়। আমি কারও ইমেজ বাঁচাতে নিজের নামকে টেনে আনার অনুমতি দেব না। দয়া করে মানুষকে বন্ধু ও পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে দিন, বিশেষ করে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে।” ফলে আদৌ যুজবেন্দ্র ও মাহভাশ সম্পর্কে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও মাঝে মধ্যেই একসঙ্গে তাদের দেখা যাওয়ায়, জল্পনা থামছে না সোশ্যাল মিডিয়ায়।