
ফাইল চিত্র
শেষ আপডেট: 4 April 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে চাহালের ব্যক্তিগত জীবন। এর মধ্যেই আরজে মাহভাশের সঙ্গে তাঁর একাধিকবার দেখা যাওয়ায় গুঞ্জন শুরু হয়—তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন যুজি? কখনও ডিনারে, কখনও আবার খেলার মাঠে—এই জুটিকে একসঙ্গে দেখে অনেকেই ধরে নেন, প্রেমের পর্ব জমে উঠেছে।
এমনও শোনা গিয়েছিল, ধনশ্রীর সঙ্গে দূরত্বের কারণ নাকি মাহভাশই! যদিও পরে জানা যায়, চাহাল ও ধনশ্রী গত দু’বছর ধরেই আলাদা থাকছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি মুখ খুললেন আরজে মাহভাশ। এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি একেবারেই সিঙ্গল।
তাঁর কথায়, “আমি প্রেম করি শুধুই বিয়ে করার জন্য, সময় কাটানোর জন্য নয়। আমি এখনও ধুম ছবির সেই চরিত্রটার মতো—যে বাইকের পিছনে নিজের স্ত্রী ও সন্তানকে কল্পনা করে।’’ এই বক্তব্যেই যেন স্পষ্ট হয়ে গেল, যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্বের। প্রেম-পর্ব দূর অস্ত।
শুধু কথাতেই থেমে থাকেননি মাহভাশ, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন একটি ভিডিয়ো, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার জীবনে যদি একজন আসে, তাহলে সেই একজনই হবে সব—বন্ধু, বেস্ট ফ্রেন্ড, প্রেমিক আর স্বামী। ওর চারপাশেই আমার দুনিয়া ঘুরবে। আমি অন্য পুরুষদের সঙ্গে কথা বলার কোনও প্রয়োজনই অনুভব করি না।”
এদিকে যুজি আপাতত পুরোপুরি মন দিয়েছেন আইপিএল-এ। ধনশ্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে গত মার্চে। সব মিলিয়ে মাহভাশের এই খোলামেলা জবাবে হয়তো অনেক অনুরাগীর জল্পনার ইতি টানল—প্রেম নয়, আপাতত এটা শুধুই বন্ধুত্ব।