
কুণাল ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী
শেষ আপডেট: 1 September 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই আরজি কর কাণ্ড নিয়ে টলিউডের যাঁরা প্রতিবাদে মুখ খুলেছেন তাঁদের একহাত নিয়েছিলেন কুণাল ঘোষ। যে কারণে ইন্ডাস্ট্রির অনেকেরই মধ্যে ক্ষোভ বা অসন্তোষ জন্মায়। প্রকাশ্যে কেউ কিছু না বললেও অনেকেই ব্যক্তিগত স্তরে কুণালের ওই মন্তব্যের বিরোধিতা করেছেন। এবার নাম না করে কুণালকে তুলোধনা করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। নতুন নামও বাতলে দিলেন, 'বোধহীন স্কন্ধ'।
কুণাল ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, 'আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।”
এবার এই মন্তব্যেরই পাল্টা দিলেন অভিনেতা ঋত্বিক। ফেসবুকে নাম না করে কুণালের উদ্দেশে লিখলেন, 'শুনেছো তো বাবু বলে দিয়েছে। শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না দরকারে চটিজুতা মাথায় তুলে পাহারা দাও বন্ধু। এর পরে একটি চোখ মারার ইমোজিও জুড়ে দেন অভিনেতা। শুধু তাই নয় সুকুমার রায়ের কবিতার রেশ টেনে লেখেন, 'শুনেছো কি বলে গেল বোধহীন স্কন্ধ, তোমাদের গায়ে শুধু ধান্দার গন্ধ'।
যদিও এর পরে এখনও পর্যন্ত পাল্টা কোনও মন্তব্য করেননি কুণাল।