‘পঞ্চায়েত’-এর চতুর্থ মরসুমে সচিবজি আর রিঙ্কির সম্পর্ক এক ধাপ এগোয়, এমনই এক অন্তরঙ্গ মুহূর্তের জন্য পরিকল্পনা করা হয়েছিল একটি চুম্বনের দৃশ্য।

‘পঞ্চায়েত ৪’
শেষ আপডেট: 1 July 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: ‘পঞ্চায়েত’-এর চতুর্থ মরসুমে সচিবজি আর রিঙ্কির সম্পর্ক এক ধাপ এগোয়, এমনই এক অন্তরঙ্গ মুহূর্তের জন্য পরিকল্পনা করা হয়েছিল একটি চুম্বনের দৃশ্য। চিত্রনাট্যে সেই দৃশ্যের উল্লেখ ছিল, এবং শুরুতে তা নিয়ে খুব একটা আলোচনাও হয়নি। কিন্তু যখন দৃশ্যটি বাস্তবে শ্যুট করার সময় এল, তখন আপত্তি তোলেন সানভিকা।
অভিনেত্রীর কথায়, “আমি প্রথমেই না বলেছিলাম।” সেই দৃশ্যটি একটি গাড়ির ভিতরে শ্যুট করার কথা ছিল, যা তাঁকে শারীরিক এবং মানসিকভাবে অস্বস্তিকর লাগছিল। সানভিকা বলেন, “আমি পরিচালকদের দু’দিন সময় চেয়েছিলাম ভাবার জন্য। তখনই মনে হয়েছিল, এই সিরিজের দর্শকদের একটা বড় অংশ পরিবার নিয়ে দেখে। তাঁদের অনেকেই হয়তো এই দৃশ্য ভালভাবে নেবেন না। আমিও নিজের মধ্যে স্বচ্ছন্দ ছিলাম না।”
পরিচালক অক্ষত তেওয়ারি পরে তাঁকে আশ্বস্ত করেন, জানিয়ে দেন দৃশ্যটি কোনওভাবেই অশালীন হবে না। তবু শেষমেশ সিদ্ধান্ত হয়—চুম্বনের দৃশ্যটি দেখানো হবে না।
তবে সহ-অভিনেতা জিতেন্দ্র কুমার প্রসঙ্গে সানভিকার মন্তব্য নজর কাড়ে। তিনি বলেন, “জিতু খুব ভা মানুষ। ও আমাকে খুব স্বচ্ছন্দ অনুভব করায়। খুব বেশি কথা বলি না আমরা, কিন্তু পারফর্ম করার সময় একে-অন্যকে বুঝতে পারি। ওর সঙ্গে একটা অব্যক্ত রসায়ন তৈরি হয়ে গিয়েছে।”
সানভিকার কথায়, পঞ্চায়েত-এর পঞ্চম সিজনের জন্য চিত্রনাট্য লেখা শুরু হয়ে গিয়েছে। এই বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই শুরু হবে শ্যুটিং। ফলে ‘ফুলেরা’কে আবারও পর্দায় ফিরে পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না অনুরাগীদের।