১৯৮৭ সালে নায়ক সঞ্জয় দত্তর প্রেমে পড়ে রোম্যান্সে ভেসে গিয়েছিলেন রিচা। বিয়েও হয়ে যায় তাঁদের। বছর ঘুরতেই ১৯৮৮ সালে রিচার কোল আলো করে আসে একমাত্র মেয়ে ত্রিশলা।

শেষ আপডেট: 6 August 2025 18:04
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরী, চার্মিং, প্রতিভাময়ী মেয়েটির কেরিয়ারে ছিল অনেক সম্ভাবনা কিন্তু জীবন তাঁকে এগোতে দিল না। ব্যক্তিগত জীবনে রোম্যান্স, বড় ঘরে বিয়ে, ফুটফুটে মেয়ে এলেও সব ছেড়ে তাঁকে চলে যেতে হল পরলোকে। সময় হাতে কম ছিল মেয়েটির। মাত্র ৩২ বছর বয়সে নিভেছিল জীবন প্রদীপ। সেই অভিনেত্রীর নাম রিচা শর্মা।
৬ অগস্ট ১৯৬৪ সালে দিল্লীতে কৈলাস শর্মা ও মীনা শর্মার পরিবারে জন্মগ্রহণ করেন রিচা। তাঁর বাবা-মা নিউ ইয়র্কে পাকাপাকি পাড়ি দেন যখন রিচা নিতান্ত শিশুকন্যা। নিউ ইয়র্কেই বেড়ে উঠেছিলেন রিচা।

১৪ বছর বয়সে দেব আনন্দের সঙ্গে সাক্ষাৎ হয় রিচার। নিউ ইয়র্কে দেব আনন্দ গিয়েছিলেন 'দেশ পরদেশ' ছবির প্রিমিয়ারে। আর সেই প্রথম সাক্ষাতেই দেব আনন্দের ছবিতে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেন রিচা। ১৯৭৮ সালে ঝকঝকে সুন্দরীর সেই কথা ফেরাতে পারেননি দেব আনন্দ। বহু কাল মনে রেখেছিলেন তিনি। সে কারণেই ১৯৮৫ সালে 'হাম নউজাওয়ান' ছবিতে রিচাকে সুযোগ দেন দেব আনন্দ। দেব আনন্দের হাত ধরেই রিচার অভিনয় জগতে আসা।
রিচার দ্বিতীয় ছবি ছিল 'অনুভব'। শেখর সুমন ও পদ্মিনী কোলাপুরীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। খুব সাহসী ছবি ছিল এটি। পরকীয়া ও গোপন যৌনতার গল্পে ছবিটি শিরোনামে চলে এসেছিল সে সময়। বিজলি চরিত্রে রূপ যৌবনে ভরপুর রিচা ঝড় তুলেছেন। তবে এতখানি সাহসী চরিত্রে অভিনয় করে বিখ্যাত হবার জায়গায় কিছুটা হলেও কুখ্যাত হয়ে ওঠেন রিচা।

এরপর রেখা ও অনিল কাপুরের সঙ্গে 'ইনসাফ কি আওয়াজ' , 'সদক চাপ', 'আগ হি আগ' একের পর ছবি করেন তিনি। তবে এরপর আর তাঁর অভিনয় জীবন এগোয়নি।
১৯৮৭ সালে নায়ক সঞ্জয় দত্তর প্রেমে পড়ে রোম্যান্সে ভেসে গিয়েছিলেন রিচা। বিয়েও হয়ে যায় তাঁদের। বছর ঘুরতেই ১৯৮৮ সালে রিচার কোল আলো করে আসে একমাত্র মেয়ে ত্রিশলা।
কিন্তু সুখের সংসারের বিদায় ঘন্টা ব্রেন টিউমার ধরা পড়ে রিচার। শুরুতেই ক্যান্সার।

অসুস্থ সময় বাবা-মায়ের কাছে মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে চলে যান রিচা। মেয়ের মনে বাবা সঞ্জয় দত্তের কোনও ছায়াই ছিল না। ধীরেধীরে সঞ্জয়-রিচার মধ্যে সম্পর্কের সুতো টুকু ছিঁড়ে যায়। দাম্পত্য না থাকলেও কখনও আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি সঞ্জয়-রিচা।
এরই মাঝে বেআইনি অস্ত্র কান্ডে জেল হয় সঞ্জয় দত্তের। সঞ্জয়-রিচার বিচ্ছেদ ঘটল রিচার অকাল মৃত্যুতে। ১০ ডিসেম্বর ১৯৯৬ সালে মৃত্যুর কোলে ঢেলে পড়েন রিচা। রোগের কবলে শেষ হয় এক প্রেমের গল্প।