
শেষ আপডেট: 7 July 2023 09:18
দ্য ওয়াল ব্যুরো: সময় যেন থমকে দাঁড়িয়ে আছে শরীরে, নামের আগে স্থায়ী হয়ে রয়েছে ‘রহস্যময়ী’ শব্দটি। অনেক মিথ এবং স্বাভাবিক ভাবেই অনেক মিথ্যা রচিত হয়েছে তাঁকে কেন্দ্র করে। তবু তিনি উজ্জ্বল থেকে গেছেন অর্ধ শতাব্দী ধরে। আজও ইচ্ছে করলেই তিনি পুরুষের হৃদয়ে ঝড় তুলে দিতে পারেন, যেমন পারতেন গত শতকের সাতের দশকে। এবার আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স জানিয়ে দিল বার্বি ডল (Barbie) হলে কেমন দেখতে হতেন উমরাওজান। দুনিয়ায় কীভাবে কাঁপন ধরাতেন বলিউডের একদা ‘সেক্স বম্ব’ রেখা (Rekha)।
সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ‘খুবসুরত’ নায়িকা ফ্যাশনের প্রতি তাঁর আন্তরিক দুর্বলতার কথা জানিয়েছেন। সেই সময়ই এক টুইটার ব্যবহারকারী রেখার কিছু ছবি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে পুনর্নির্মাণ করেন। ক্যাপশনে লেখেন ‘আমরা এআই-কে বলেছিলাম রেখা যদি বার্বি হতো।‘ ই-কমার্স প্ল্যাটফর্ম মিন্ত্রা সেই টুইটটি শেয়ার করতেই প্রায় ‘আগুন’ লাগে ইন্টারনেটে। লাইক ও কমেন্টের ঢল নামে। ছবি দেখে চোখে ধাঁধা লেগে যাওয়া টুইটার ব্যবহারকারীদের অধিকাংশের অভিমত রেখাই হতে পারতেন সঠিক বার্বি।
চলতি মাসের ২১ তারিখ সিনেমায় ‘বার্বি’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। মূল চরিত্রে অভিনয় করেছেন মাগো রবি এবং রায়ান গসলিং। পরিচালক গ্রেটা গ্রেওয়েগ।