রবিনা ট্যান্ডন এবং অনিল থাডানির ২০০৪ সালের রাজকীয় বিয়েই উদয়পুরে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ যুগের সূচনা করে। বাড়তে থাকে সেখানকার ব্যবসাও।

রবিনা ও অনিল (ছবি - দ্য ওয়াল)
শেষ আপডেট: 20 November 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে ( Raveena Tandon) চেনানোর দরকার পড়ে না। তিন দশকেরও বেশি সময়ের কেরিয়ারে তিনি যেমন পর্দায় ছাপ রেখে গিয়েছেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বহুবার খবরের শিরোনামে এসেছে। বিশেষ করে ২০০৪ সালে অনিল ঠাডানিকে (Anil Thadani) বিয়ে, বলিউডের অন্যতম রাজকীয় বিয়ে—আজও আলোচনায়। আর সেই বিয়েই উদয়পুরকে ভারতের ডেস্টিনেশন ওয়েডিং ম্যাপে পাকাপাকি জায়গা করে দিয়েছিল।
২০০৪ সালে উদয়পুরের লেক পিছোলা (Lake Pichola)-র মাঝখানে অবস্থিত ঐতিহাসিক যগ মন্দির প্যালেসে (Jag Mandir Palace)-এ বসেছিল রবিনা–অনিলের বিয়ের আসর। তার আগে সব প্রি-ওয়েডিং, ফাংশন, মেহেন্দি, সংগীত ও অন্যান্য রীতিনীতি হয়েছিল শিব নিবাস প্যালেসে। মেহেন্দির অনুষ্ঠানে রবিনা পরেছিলেন মুঘল-স্টাইলের কেরি-ওয়ার্ক করা শারারা, সঙ্গে স্প্যাগেটি-স্ট্র্যাপ চোলি, যা পরে সোশ্যাল মিডিয়া না থাকলেও ফ্যাশন দুনিয়ায় বেশ চর্চা হয়েছিল।
বিয়ের দিন রবিনা পৌঁছেছিলেন এমন এক পালকিতে (অবাঙালিদের ডোলি), যাতে একসময় মেওয়ারের রানি যাতায়াত করতেন। ১০০ বছরেরও পুরোনো সেই ডোলি বিয়ের রাজকীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তাঁর ব্রাইডাল লেহেঙ্গাও ছিল বিশেষ, দিল্লির ডিজাইনার মানব গাঙ্গওয়ানি (Manav Gangwani) তাঁর মায়ের ৩৫ বছরের পুরোনো শাড়িকে রি-ওয়ার্ক করে তৈরি করেন ভারী এমব্রয়ডারি করা, সেমি-প্রেশাস স্টোন ও সোনালি সুতোয় সাজানো লেহেঙ্গা। পোশাক, সাজ, আর বিয়ের লোকেশন, সব মিলিয়ে এই অনুষ্ঠান তখনকার সময়ে দেশের অন্যতম চর্চিত বিয়ে হয়ে ওঠে।
উদয়পুর আগেই তার লেক, প্রাসাদ, রাজস্থানি স্থাপত্যের জন্য জনপ্রিয় ছিল। কিন্তু রবিনার বিয়ের পর থেকে এখানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রবণতা বেড়ে যায়। পর্যটন শিল্পের পাশাপাশি ওয়েডিং ইন্ডাস্ট্রিও লাভজনক ব্যবসা হয়ে দাঁড়া। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, উদয়পুরের ডেস্টিনেশন ওয়েডিং ইন্ডাস্ট্রির রেভেনিউ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এর পর একে একে বহু দেশি-বিদেশি সেলেব এখানে বিয়ে করেন। ২০০৭ সালে অভিনেত্রী এলিজাবেথ হার্লে (Elizabeth Hurley) এবং ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ার (Arun Nayar) উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করেন। উমেইদ ভবন প্যালেস, বাল সমাদ লেক প্যালেস, মেহরানগড় ফোর্ট এবং নাগপুর ফোর্টজুড়ে হয়েছিল অনুষ্ঠান। যদিও তাঁদের দাম্পত্য টিকেছিল ২০১১ পর্যন্ত।
এর পর অভিনেতা নীল নীতীন মুকেশ ও রুক্মিনী সহায়, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার-র মতো সেলেবরা এই জায়গাকে বেছে নিয়েছে।
এছাড়া আরও বহু পরিচিত মুখ, প্রফুল্ল পটেলের মেয়ে নিয়তি, ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা, কঙ্গনা রনৌতের ভাই অক্ষিত, অভিনেতা রজত টোকাস, বিক্রম চাটওয়াল, শ্রেয়া সরন-ও উদয়পুরকে বেছে নেন বিয়ের পারফেক্ট লোকেশন হিসেবে।
সব মিলিয়ে, রবিনা ট্যান্ডনের রাজকীয় বিয়েই উদয়পুরের ডেস্টিনেশন ওয়েডিং যুগের সূচনা করেছে, এমনটাই পর্যটন ও ওয়েডিং ইন্ডাস্ট্রির অভিমত।