বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের উৎসব এখনও চর্চায়। মেহেন্দি ও ‘প্রধানম’ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তারকা জুটি।

রশ্মিকা-বিজয়
শেষ আপডেট: 11 March 2026 16:56
দ্য ওয়াল ব্যুরো: উৎসব শেষ হলেও যেন শেষ হচ্ছে না আনন্দের রেশ। দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা-র বিয়ে ঘিরে সেই উৎসবের আবহ এখনও টাটকা অনুরাগীদের মনে। প্রথমে তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর একে একে সামনে এসেছে বিয়ের নানা মুহূর্তের ঝলক। ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এবার প্রকাশ্যে এসেছে ‘ভিরোশ’ জুটির মেহেন্দি অনুষ্ঠানের একগুচ্ছ ছবি।

রশ্মিকার বিয়ের শাড়ি, গয়না ও মেকআপ যেমন নজর কেড়েছিল, তেমনই বিশেষ আকর্ষণ ছিল তাঁর মেহেন্দির নকশা। হাতভর্তি প্রচলিত মেহেন্দির বদলে তিনি বেছে নিয়েছিলেন অর্থবহ এক শিল্পময় নকশা। তাঁর হাতে আঁকা মেহেন্দির ডিজাইন শিব ও শক্তির প্রতীককে তুলে ধরেছে। শুধু মেহেন্দি নয়, সেই দিনই দক্ষিণী রীতি মেনে ‘প্রধানম’ অনুষ্ঠানও সম্পন্ন করেন এই তারকা জুটি।
মেহেন্দির অনুষ্ঠানে পোশাকেও ফুটে উঠেছিল ঐতিহ্যের ছাপ। সূক্ষ্ম সুতোর কাজ করা জমকালো ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন বিজয় ও রশ্মিকা। রশ্মিকার গয়না, মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল অভিনবত্বের ছোঁয়া। বিয়ের ঠিক আগের দিন, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি উদয়পুরে আয়োজিত হয়েছিল তাঁদের মেহেন্দি ও ‘প্রধানম’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রশ্মিকা লেখেন, “প্রধানম ও মেহেন্দির অনুষ্ঠান। প্রাণবন্ত একটি সন্ধ্যা—কিন্তু সময়টা যেন কত দ্রুত কেটে গেল।”
এরপর খাঁটি দক্ষিণী রীতি মেনে বিয়ে সারেন এই তারকা জুটি। তেলুগু ও কোডাভা প্রথা অনুসারে সম্পন্ন হয় তাঁদের বিয়ের সব আচার। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের সাজপোশাক। রাজকীয় সাজেই বিয়ের মণ্ডপে হাজির হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা। প্রথা মেনে হাতে তরবারি নিয়েই মণ্ডপে প্রবেশ করেন তিনি।

বিয়ের আয়োজনেও ছিল পুরোপুরি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। মেনু থেকে সাজসজ্জা—সব ক্ষেত্রেই ফুটে উঠেছিল সেই সংস্কৃতি। বিয়ের মণ্ডপও সাজানো হয়েছিল তামিল সংস্কৃতির ধাঁচে। পোশাকের দায়িত্বে ছিলেন কলকাতার ডিজাইনার অনামিকা খান্না। তাঁর নকশা করা পোশাকেই সেজেছিলেন রশ্মিকা ও বিজয়।