উদয়পুরে রাজকীয় বিয়েতে কমলা-লাল শাড়ি ও টেম্পল জুয়েলারিতে নজর কাড়লেন রশ্মিকা মন্দানা।

রশ্মিকা মন্দানা
শেষ আপডেট: 27 February 2026 19:14
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে উদয়পুরের রাজকীয় প্রাসাদে চার হাত এক হয়েছে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা-র। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। শুধু ডিজাইনার পোশাকই নয়, ফ্যাশন মহলের নজর কেড়েছে তাঁদের পরা কয়েক কোটি টাকার সাবেকি গয়না। হায়দরাদের প্রসিদ্ধ ‘শ্রী জুয়েলার্স’-এর তৈরি এই হেরিটেজ অলংকারে দাক্ষিণাত্যের ঐতিহ্য ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন ধরা পড়েছে।

অনামিকা খান্নার ডিজাইন করা কমলা-লাল শাড়ির সঙ্গে রশ্মিকা বেছে নিয়েছিলেন ভারী ‘টেম্পল জুয়েলারি’। এই ধরনের গয়নায় দেবী লক্ষ্মী, ময়ূর ও ফুলের সূক্ষ্ম কারুকাজ বিশেষভাবে লক্ষণীয়। তাঁর গলায় ছিল ভারী সোনার চোকার, যার কেন্দ্রে বসানো বিশাল গোলাকার পেনডেন্ট। তার সঙ্গে লেয়ার করা ছিল একাধিক লম্বা সোনার হার।
কানে ঐতিহ্যবাহী ঝুমকো, যা চেইনের মাধ্যমে চুলের সঙ্গে আটকানো। হাতে ফুলেল নকশার ‘হাতফুল’ এবং কনুই পর্যন্ত বিস্তৃত কারুকার্যময় বাজুবন্ধ। শোনা যায়, রশ্মিকার সোনার চুড়ি ও কড়ার সেটটি বিজয়ের পরিবারের তরফে উপহার। প্রথাগত লাল চুড়ির সঙ্গে সোনার এই মেলবন্ধন তাঁকে দিয়েছে এক অনন্য মাধুর্য।
![]()
সাধারণত বিয়ের দিনে বররা হালকা গয়নাতেই স্বচ্ছন্দ থাকেন। তবে বিজয় সেখানেও ব্যতিক্রম। তাঁর সাজেও ছিল রাজকীয় অভিনবত্ব। গলায় স্টেটমেন্ট ‘স্নেক-চেইন’ নেকলেসের সঙ্গে লম্বা টেম্পল স্টাইলের হার। কানে হীরের স্টাড, হাতে যোদ্ধাদের অনুপ্রেরণায় তৈরি সোনায় মোড়া বিশেষ ‘হ্যান্ডকাফ’। সঙ্গে ছিল এনগেজমেন্ট রিং।
আজকাল অনেক সেলিব্রিটি বিয়েতে মিতব্যয়ী সাজ পছন্দ করেন। কিন্তু রশ্মিকা-বিজয় দেখিয়ে দিলেন, ঐতিহ্যের জৌলুস কখনও পুরনো হয় না। উদয়পুরের মরুশহরে তাঁদের এই আয়োজন যেন দক্ষিণী সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, তাঁদের ‘হেরিটেজ ওয়েট’ জুয়েলারি আগামী বিয়ের মরসুমে নতুন ট্রেন্ড তৈরি করতে পারে।