‘নীর’ শব্দের অর্থ জল—স্বচ্ছ, শান্ত ও নির্মল। নামের মতোই সন্তানের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করতে চেয়েছেন পরিণীতি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলের ঘরের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন।

শেষ আপডেট: 27 February 2026 19:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে বিয়ের পর নতুন জীবনের শুরু করেছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। দুই বছর পর, ২০২৫ সালের ১৯ অক্টোবর তাঁদের পরিবারে আসে নতুন সদস্য—এক পুত্রসন্তান। সন্তানের জন্মের চার মাস পর এবার তার নাম জানালেন তারকা দম্পতি। ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’।
‘নীর’ শব্দের অর্থ জল—স্বচ্ছ, শান্ত ও নির্মল। নামের মতোই সন্তানের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করতে চেয়েছেন পরিণীতি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলের ঘরের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যায়, সাদা ও বেইজ রঙে সাজানো একটি স্নিগ্ধ আবহের ঘর। কোথাও বাড়তি রঙের ব্যবহার নেই। জানলা দিয়ে আলো-বাতাস ঢোকে প্রচুর, ঘরে রয়েছে ছোট্ট বেবি কট, সফট টয়েজ ও হালকা নীল রঙের কুশন, যাতে লেখা ছেলের নাম ‘Neer’।
অভিনেত্রীর কথায়, প্রথমবার বাবা-মা হিসেবে তাঁরা চেয়েছিলেন এমন একটি ঘর, যেখানে শান্তি থাকবে। শুরুর দিনগুলো যেন কোলাহলহীন নিরাপদ হয়—এই ভাবনাতেই সাজানো হয়েছে নীরের ছোট্ট দুনিয়া। তিনি জানান, এখন থেকেই ছেলেকে মৃদু সুরের ভজন তিনি শোনান। তবে এখনও পর্যন্ত সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি জুটি।
এর আগে অগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করে সুখবর জানিয়েছিলেন এই দম্পতি। কেকের উপর লেখা ছিল ‘1+1=3’, যা তাঁদের পরিবারে নতুন সদস্য আসার ইঙ্গিত দিয়েছিল।
কাজের দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল অমর সিং চমকিলা (Amar Singh Chamkila) ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসঞ্জ (Diljit Dosanjh)। বিয়ের পর তিনি মূলত দিল্লিতেই থাকছেন। এখন তাঁদের জীবনের সবচেয়ে বড় আনন্দের নাম—ছোট্ট নীর।