‘ককটেল ২’ ছবিতে রশ্মিকা মন্দনা ও কৃতি শ্যাননকে সমকামী যুগল হিসেবে দেখা যেতে পারে বলে জোর জল্পনা।

রশ্মিকা মন্দনা ও কৃতি শ্যানন
শেষ আপডেট: 21 February 2026 11:38
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল ‘ককটেল ২’ (Cocktail 2) ঘিরে বহুদিন ধরেই জোর আলোচনা চলছে। এবার সেই ছবিকে ঘিরেই সামনে এল নতুন চমকপ্রদ তথ্য। এই সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এবং কৃতি শ্যানন-কে (Kriti Sanon)। প্রসঙ্গত, প্রথম ‘ককটেল’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টি।
সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল ২’-এ নাকি কৃতি এবং রশ্মিকাকে এক সমকামী যুগলের চরিত্রে দেখা যাবে। গল্পের মূল কেন্দ্রে থাকবে আধুনিক প্রেক্ষাপটে এক জটিল ত্রিকোণ প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই গল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।
এরই মধ্যে ছবির শ্যুটিং শেষ হওয়ার খবর আগেই জানিয়েছিলেন পরিচালক হোমি আদাজানিয়া। গত ৩১ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই আপডেট দেন। সেই ছবিতে শাহিদ, রশ্মিকা, কৃতি এবং হোমিকে একসঙ্গে কেক কাটতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ছবির কাজ শেষ, তোমাকে ভালোবাসি বোকারা। এটা দারুণ মজার অভিজ্ঞতা ছিল।” পাশাপাশি তিনি আরও জানান, এই ছবিটি তাঁর কাছে বিশেষ এবং পুরো টিমের প্রতি তাঁর গভীর ভালোবাসা রয়েছে।
যদিও ‘ককটেল ২’-এর মুক্তির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি, তবে শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে। পরিকল্পনা অনুযায়ী, শাহিদের সাম্প্রতিক ছবি ‘ও রোমিও’ মুক্তির প্রায় ছয় মাস পর এই সিক্যুয়েল আনা হবে। নির্মাতাদের মতে, এতে দর্শকরা শাহিদের ভিন্ন ভিন্ন চরিত্র আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং এক চরিত্রের ছাপ অন্য চরিত্রের উপর পড়বে না।
উল্লেখ্য, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ ছবিতে শাহিদের পাশাপাশি অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, ফরিদা জালাল এবং নানা পাটেকর। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে এবং ইতিমধ্যেই ২৪৭.১৫ কোটি টাকা আয় করেছে।
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন রশ্মিকা। জোর গুঞ্জন, খুব শিগগিরই তিনি অভিনেতা বিজয় দেবেরকোন্ডা-র সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দু’জনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।