কান্তারা চ্যাপ্টার ১ বিতর্কে কর্ণাটক হাই কোর্টে রণবীর সিংয়ের হলফনামা দিয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত। মহীশূরের চামুণ্ডী মন্দিরে গিয়ে প্রার্থনার নির্দেশ, ১০ এপ্রিল পরবর্তী শুনানি।

রণবীর সিং
শেষ আপডেট: 25 March 2026 18:08
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ‘কান্তারা চ্যাপ্টার ১’ (Kantara Chapter 1) ছবির এক ঐশ্বরিক চরিত্র নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া অভিযোগ ও এফআইআর খারিজের আর্জি নিয়ে কর্ণাটক হাই কোর্ট-এ শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মঙ্গলবার আদালতকে জানানো হয়েছে, অভিনেতা হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইবেন এবং কর্ণাটকের চামুন্ডি হিল-এ গিয়ে প্রার্থনাও করবেন।
অভিযোগ, গত বছর গোয়ায় অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রণবীর সিং উপকূল কর্ণাটকের পূজিত দেবতা ‘চাভুন্ডি দাইভা’-কে ভূত বলে উল্লেখ করেছিলেন। ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবির ঐশ্বরিক চরিত্র নিয়ে এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করে এক আইনজীবী অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার শুনানিতে বিচারপতি এম. নাগাপ্রসন্নার একক বেঞ্চে অভিনেতার পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী সজন পুভাইয়া জানান, রণবীর সিং হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইবেন এবং চামুন্ডি হিলে গিয়ে প্রার্থনা করবেন। আদালত এই বক্তব্য নথিভুক্ত করে জানায়, জনসমক্ষে পরিচিত ব্যক্তিদের মন্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া জরুরি। আদালতের পর্যবেক্ষণ, রণবীরের মন্তব্য যথাযথ ছিল না এবং এতে অনুশোচনার প্রকাশ থাকা দরকার, কারণ অভিনেতাদের সমাজে বড় প্রভাব রয়েছে।
অভিযোগকারীর আইনজীবী সি. জি. মালায়ালি অবশ্য এই ক্ষমা প্রার্থনাকে আন্তরিক নয় বলে দাবি করেন। তাঁর বক্তব্য, শুধু হলফনামা জমা দিলেই হবে না, অভিনেতাকে ব্যক্তিগতভাবে মন্দিরে গিয়ে মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে।
আদালত জানিয়েছে, ক্ষমা প্রার্থনা এবং সংশোধনমূলক পদক্ষেপ নিলে সমস্যার সমাধান হতে পারে। বিচারপতির পর্যবেক্ষণ, মন্দিরে গিয়ে ভুল স্বীকার করা উচিত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ এপ্রিল।