ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। বরং সেই দায়িত্বই সম্প্রতি অনুরাগীদের হাতে তুলে দিয়েছেন দেব। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব লেখেন, “আমরা আমাদের আসন্ন ছবি #DeSu7-এর জন্য একটি শিরোনাম খুঁজছি। আপনারা পরামর্শ দিন।”

শেষ আপডেট: 25 March 2026 17:09
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় মুক্তি, প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট ইতিমধ্যেই হাউসফুল। কথা হচ্ছে দেশু ৭-এর। যে ছবির ঘোষণা হতেই টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেব-শুভশ্রী। প্রায় এক দশক পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন মেগাস্টার দেব (Dev) এবং লেডিসুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আর সেই খবরেই প্রতিনিয়ত দর্শকদের নজর আটকে। ছবির কী নাম? ছবির গল্প কেমন হতে চলেছে? কবে থেকে শুরু শুটিং, সবটা নিয়েই অনুরাগীদের মনে ধোঁয়াশা বর্তমান।
ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। বরং সেই দায়িত্বই সম্প্রতি অনুরাগীদের হাতে তুলে দিয়েছেন দেব। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব লেখেন, “আমরা আমাদের আসন্ন ছবি #DeSu7-এর জন্য একটি শিরোনাম খুঁজছি। আপনারা পরামর্শ দিন।”
নায়কের এই ডাকে সাড়া দিয়ে অনুরাগীরাও ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স—‘হারানো সুর’, ‘আবার ফিরে এলে’, ‘যেখানে থেমেছিলাম’, ‘ভাঙা সেতু, নতুন পথ’ থেকে শুরু করে ‘সোহাগের সাত পা’—নানা নাম উঠে এসেছে প্রস্তাব হিসেবে। এমনকি দেবের জনপ্রিয় শব্দ ‘এমনি’-কেও ছবির নাম হিসেবে প্রস্তাব করেছেন কেউ কেউ, যা একসময় তাঁদের একটি ছবির সংলাপ হয়ে ভাইরাল হয়েছিল।
এই জুটির প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের আবেগ চূড়ান্ত। ২০২৫-এ মুক্তি পাওয়া ধূমকেতু ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। যদিও ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে, নানা জটিলতায় মুক্তি আটকে ছিল বহু বছর। সেই ছবির প্রচারে একসঙ্গে দেখা যাওয়া তাঁদের, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করা, এমনকি নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়া—সব মিলিয়ে ভক্তদের কাছে ‘দেশু’ জুটির ফেরাটা যেন বাস্তবেরও এক নতুন অধ্যায়।
এরই মধ্যে টলিপাড়ার অন্দরমহলে নতুন জল্পনা, কবে শুরু হবে ছবির শুটিং? পুজোয় মুক্তি পেতে চলেছে ছবি। ফলে শুটিং শুরু হতে যে খুব বেশি দিন সময় নেবে না, তা বলাই চলে। এমনই সময় খবর মিলছে, সম্ভাব্য জুন মাস থেকেই নাকি কাজ শুরু হবে ছবির। অর্থাৎ ফ্লোরে নামতে চলেছে দেশু ৭। এক ফ্যান পেজে ছড়িয়ে পড়া এক খবর অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাস থেকেই শুরু হতে পারে ‘DeSu 7’-এর শুটিং। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও পুজো রিলিজের লক্ষ্যেই যে প্রস্তুতি চলছে, তা বলাই বাহুল্য।