হোয়াটসঅ্যাপ অডিওতে কয়েক কোটি টাকার দাবি, প্রাণনাশের হুমকি রণবীর সিংকে। মুম্বই পুলিশের দ্বারস্থ অভিনেতা, শুরু তদন্ত।

রণবীর সিং
শেষ আপডেট: 10 February 2026 23:55
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংকে (Ranveer Singh) ঘিরে এই মুহূর্তে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, সম্প্রতি অভিনেতার কাছে একটি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠানো হয়েছে, যেখানে তাঁর কাছে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে। ওই রহস্যজনক নম্বর থেকে দাবি করা হয়েছে, বার্তাপ্রেরক কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য।
এই তথ্য প্রকাশ্যে আসতেই রণবীরের অনুরাগী মহল থেকে শুরু করে গোটা বলিউডে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লাগাতার রণবীরের ফোনে হুমকি দিয়ে আসছিল। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন অভিনেতার ফোনে একটি ভয়ংকর ভয়েস নোট আসে।
ওই অডিয়ো বার্তায় অত্যন্ত কুরুচিকর ও হুমকিমূলক ভাষায় রণবীর সিংকে সতর্ক করা হয়। স্পষ্ট জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েক কোটি টাকা না দিলে তাঁর প্রাণনাশ পর্যন্ত ঘটানো হতে পারে।
এই চরম হুমকির মুখেও দমে যাননি অভিনেতা। দ্রুত আইনি পথে হেঁটে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রণবীর সিং। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাঁর বাসভবনের সামনে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, পাঠানো ভয়েস নোটের কণ্ঠস্বর কার—তা শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি মুম্বই পুলিশের সাইবার সেল ওই হোয়াটসঅ্যাপ নম্বরটির আইপি অ্যাড্রেস ও লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা এই ধরনের তোলাবাজি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। সলমন খানের পর নির্মাতা রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় টিনসেল টাউনে আতঙ্ক ছড়িয়েছিল। এবার রণবীর সিংকে টার্গেট করায় প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ স্পষ্ট।