বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর ২’ এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে। ছবির অভাবনীয় সাফল্যের মাঝেই অভিনেতা নাগপুরে গিয়ে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন।

রণবীর সিং ও মোহন ভাগবত
শেষ আপডেট: 11 April 2026 15:35
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের (Ranveer Singh) নতুন ছবি ‘ধুরন্ধর ২’ এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে। ছবির অভাবনীয় সাফল্যের মাঝেই অভিনেতা নাগপুরে গিয়ে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে দেখা করলেন, যা নিয়ে এখন বিনোদন ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রণবীর সিং। সেখান থেকে সাদা কুর্তা-পাজামা পরে সরাসরি চলে যান মহল এলাকায় অবস্থিত আরএসএস-এর সদর দফতরে। মোহন ভাগবতের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁদের মধ্যে ‘ধুরন্ধর’ ছবি এবং আরএসএস-এর বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে। অভিনেতা এরপর ড. হেডগেওয়ার স্মৃতি মন্দিরে গিয়ে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ার ও প্রাক্তন প্রধান মাধব সদাশিব গোলওয়ালকরকে শ্রদ্ধা জানান।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি গত ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ১৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি। তবে এই বিশাল সাফল্যের পাশপাশি ‘ধুরন্ধর ২’ নিয়ে বিতর্কও কম নেই। অনেকেই এই ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।
বিতর্কের এই আবহে ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ্যেই রণবীর সিং ও আদিত্য ধরের সমর্থনে এগিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে, যাঁরা এখন এই ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলছেন, তাঁদের অনেকেই আগে এমন কাজ করে সফল হয়েছেন। ছবিটির ভূয়সী প্রশংসা করে তিনি একে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন।