বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের ছবি ‘জব উই মেট’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে জল্পনা চলছিল। অবশেষে সবটা জানালেন পরিচালক নিজেই।

ফাইল চিত্র
শেষ আপডেট: 11 April 2026 15:07
দ্য ওয়াল ব্যুরো: ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ দেখেননি এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দায়। আজও গীত আর আদিত্যর প্রেম দর্শকদের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছে। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, এই কালজয়ী গল্পের কি সিক্যুয়েল আসবে (Jab We Met 2)? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলেরই অবসান ঘটালেন পরিচালক নিজে।
একটি সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি (Imtiaz Ali) সাফ জানিয়ে দিয়েছেন, ‘জব উই মেট ২’ বা ‘তামাশা ২’ বানানোর কোনো পরিকল্পনা তাঁর নেই। তিনি মনে করেন, কিছু ছবিকে যেমন আছে তেমনভাবেই রেখে দেওয়া ভাল।
কেন সিক্যুয়েল বানাতে নারাজ পরিচালক?
ইমতিয়াজ তাঁর সিদ্ধান্তের পেছনে কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছেন। জানান যে, আগে তিনি ‘লাভ আজ কাল ২’ তৈরি করেছিলেন, কিন্তু তা দর্শক মনে আগের মতো জায়গা করে নিতে পারেনি। তাঁর মতে, সিক্যুয়েল মানেই যে তা সফল হবে, এমন কোন নিশ্চয়তা নেই।
ইমতিয়াজ কেবল পেশাদারিত্ব বা ব্যবসায়িক লাভের কথা ভেবে সিনেমা বানাতে চান না। তাঁর মতে, কোনো গল্প যদি পরিচালককে মানসিকভাবে প্রবলভাবে আকর্ষণ না করে, তবে তা তৈরি করা উচিত নয়। চলচ্চিত্র নির্মাণের আসল প্রেরণা হওয়া উচিত গল্পের সৌন্দর্য, নিছক টাকা উপার্জনের কোনও পরিকল্পনা নয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জব উই মেট’ এবং ২০১৫-এর ‘তামাশা’ ইমতিয়াজের ক্যারিয়ারের অন্যতম সেরা সম্পদ।