লুই ভিতোঁ পুরস্কার ২০২৫-এ প্রথম ভারতীয় জুরি সদস্য দীপিকা পাড়ুকোন। স্ত্রীকে ‘হট মাম্মা’ বলে গর্ব করলেন রণবীর সিং।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
শেষ আপডেট: 4 September 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সুপারস্টার নন, বরং আদর্শ স্বামীও। স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি প্রশংসা করলেন তিনি। কারণও অবশ্য গর্ব করার মতো, লুই ভিতোঁ পুরস্কার ২০২৫-এ প্রথম ভারতীয় জুরি সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন দীপিকা।
ইনস্টাগ্রামে ইভেন্টের একগুচ্ছ ছবি শেয়ার করেন দীপিকা। হলুদ-বাদামি প্রিন্টের সিল্ক শার্টের সঙ্গে মানিয়েছিলেন ফ্রিঞ্জ-ডিটেইলড মিনি স্কার্ট। সঙ্গে ছিল সোনালি স্টাড কানের দুল, কালো হ্যান্ডব্যাগ আর হাই হিল। চুল খোঁপা করে বাঁধা। গ্ল্যামারাস সাজে নজর কেড়েছেন তিনি।
পোস্টে দীপিকা ক্যাপশনে লিখেছেন— “সমস্ত বিজয়ীদের অভিনন্দন! তোমার জাদুর সাক্ষী হওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।” এই পোস্টের নীচেই রণবীর আদুরে ডাকনামে কমেন্ট করেন—“হট মাম্মা।” শুধু রণবীর নন, নেহা ধুপিয়া থেকে অসংখ্য নেটিজেন প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে।
কাজের সূত্রে দীপিকাকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’-এ। ছবিতে ছিলেন রণবীর সিং, অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফও। এর পর দীপিকা হাত মিলিয়েছেন পরিচালক অ্যাটলি ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে। সান পিকচার্স প্রযোজিত সাই-ফাই ছবি AA22XA6-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি।
অন্যদিকে রণবীর সিং-কে এবার দেখা যাবে আদিত্য ধরের পরিচালনায় তৈরি ‘ধুরন্ধর’-এ। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপালও রয়েছেন ছবিতে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই অ্যাকশন-ড্রামা।