সম্প্রতি রণজয়-শ্যামৌপ্তির আইবুড়োভাতের দায়িত্ব নিজের হাতে তুলে নেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মেঝেতে পাশাপাশি বসে ঐতিহ্যবাহী নিয়মে আইবুড়োভাত খেতে দেখা যায় হবু দম্পতিকে।
.jpg.webp)
শেষ আপডেট: 27 January 2026 15:12
দ্য ওয়াল ব্যুরো: ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলি। কিছুদিন এই বিষয় মুখে কুলুপ এঁটে থাকলেও প্রকাশ্যে বিয়ের প্রসঙ্গে এখন কথা বলছেন জুটি। ঘনিষ্ঠ মহলে যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তার ইঙ্গিত মিলল আইবুড়োভাতের আয়োজনেই।
সম্প্রতি রণজয়-শ্যামৌপ্তির আইবুড়োভাতের দায়িত্ব নিজের হাতে তুলে নেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মেঝেতে পাশাপাশি বসে ঐতিহ্যবাহী নিয়মে আইবুড়োভাত খেতে দেখা যায় হবু দম্পতিকে। তাঁদের সামনে থালায় সাজানো ছিল পঞ্চব্যাঞ্জন, আর গোটা আয়োজনেই ছিল ঘরোয়া উষ্ণতা। ছবি তোলার দায়িত্ব সামলান তথাগতর ঘনিষ্ঠ বন্ধু আলোকবর্ষা।
খাবারের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। মেনুতে ছিল চিংড়ি মাছ, মাংস, বিরিয়ানি, ধনেপাতার বড়া, স্যালাড-সহ একাধিক পদ। এলাহি আয়োজনে স্পষ্ট, বিয়ের আনুষ্ঠানিকতা যতই আড়ালে থাকুক, উদ্যাপনের ঘাটতি নেই।
এই আয়োজন ঘিরে তথাগত মুখোপাধ্যায় জানান, রণজয় ও শ্যামৌপ্তি দু’জনেই তাঁর খুব কাছের মানুষ। যদিও রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের, রণজয়ের সূত্র ধরেই শ্যামৌপ্তির সঙ্গে পরিচয়। তাঁদের বিয়ের খবরে তিনি ভীষণ খুশি এবং একটাই কামনা—দু’জন যেন সারাজীবন একসঙ্গে ভালো থাকেন।
এদিকে তথাগত ও আলোকবর্ষার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পরিচালক সাফ জানিয়ে দেন, আপাতত সেই ভাবনা নেই। আলোকবর্ষা এখনও নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত। বিজ্ঞাপন দুনিয়ায় কাজ করা থেকে শুরু করে মুম্বই ও কলকাতায় বিভিন্ন প্রজেক্টে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। নিজের কাজ গুছিয়ে নেওয়ার পরেই ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলেই জানিয়েছেন তথাগত।