৭১তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে রানি মুখার্জির স্টাইল ভাইরাল! গলায় মেয়ের নামের সোনার লকেট ও সব্যসাচীর শাড়িতে নজর কেড়েছেন তিনি।

রানী মুখার্জি
শেষ আপডেট: 25 September 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউড তারকাদের ফ্যাশন সেন্স এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে রানি মুখার্জির গলায় থাকা সোনার চেন। তাতে মেয়ে 'আদিরা'র নাম খোদাই করা রয়েছে।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেওয়ার এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। তাতেই স্পষ্ট তাঁর গলায় থাকা সোনার চেন। প্রতিটা লকেটে আলাদা আলাদা করে এক-একটা অক্ষরে লেখা রয়েছে 'ADIRA' (আদিরা)।
এই বিশেষ অনুষ্ঠানে তিনি সব্যসাচীর ডিজাইন করা একটি বাদামী রঙের শাড়ি পরেছিলেন। সঙ্গে একটি পার্ল চোকার, কানের দুল, কপালে ছোট্ট টিপ এবং ঠোঁটে চকোলেট রঙের লিপস্টিক।
এই অনুষ্ঠানে রানি মুখার্জি তার সহ-অভিনেতা শাহরুখ খান-এর পাশে বসেছিলেন। এদিন কিং খান 'জাওয়ান' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে 'চলতে চলতে' - এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে বসে সেলফি তুলতে ও গল্প করতে দেখা যায়।
একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, শাহরুখ রানিকে মঞ্চে যাওয়ার আগে তার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছেন এবং গালে আলতো চুমুও দেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা 'কুছ কুছ হোতা হ্যায়'-এর রাহুল ও টিনার কথা মনে করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা সেই জুটিকে অফস্ক্রিনে খুঁজে পাচ্ছেন।
রানি এবং শাহরুখের পাশাপাশি বিক্রান্ত মাসে-ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তিনি তার '১২তম ফেল' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য এই সম্মান পেয়েছেন।