খবরটি জানাতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও শেয়ার করে নেন রণদীপ ও লিন। একটি ছবিতে দেখা যায়, নাতনিকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন রণদীপের বাবা। আরেকটি ছবিতে ধরা পড়েছে নবজাতকের ছোট্ট হাত—যা দেখে অনুরাগীদের মন আনন্দে ভরে ওঠে।

শেষ আপডেট: 10 March 2026 18:05
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda) এবং তাঁর স্ত্রী লিন লৈশরাম (Lin Laishram)-এর পরিবারে খুশির সুখবর। মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দিলেন লিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। পরিবারের জন্যে আরও আনন্দের বিষয় হল, যেদিন তাঁদের কন্যার জন্ম হয়েছে, সেদিনই আবার রণদীপের বাবা রণবীর হুদা (Ranbir Hooda)-র জন্মদিন। ফলে পরিবারের কাছে দিনটি হয়ে উঠেছে দ্বিগুণ আনন্দের।
খবরটি জানাতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও শেয়ার করে নেন রণদীপ ও লিন। একটি ছবিতে দেখা যায়, নাতনিকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন রণদীপের বাবা। আরেকটি ছবিতে ধরা পড়েছে নবজাতকের ছোট্ট হাত—যা দেখে অনুরাগীদের মন আনন্দে ভরে ওঠে।
ছবির ক্যাপশনে রণদীপ লিখেছেন, “দাদা আর নাতনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ আমি বাবা হলাম—এতে বাবার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা, আমাকে বাবা হওয়ার এই আনন্দ দেওয়ার জন্য লিনকে ধন্যবাদ। আমাদের জীবনে এসেছে ছোট্ট এক মেয়ে, সঙ্গে নিয়ে এসেছে আজীবনের ভালবাসা।”
খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বন্ধু, সহকর্মী ও অনুরাগীরা নবদম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেন। কেউ লিখেছেন, “তোমাদের ছোট্ট রাজকন্যার জন্য অনেক শুভেচ্ছা,” আবার কেউ বলেছেন, “মেয়েরা জীবনে অনেক ভালবাসা এনে দেয়।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে ইনস্টাগ্রামের মাধ্যমেই প্রথম সন্তান আসার খবর দিয়েছিলেন রণদীপ ও লিন। তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে একটি ছবি পোস্ট করে রণদীপ লিখেছিলেন, “দু’বছরের ভালবাসা আর অ্যাডভেঞ্চারের পর এবার আমাদের জীবনে আসছে ছোট্ট এক অতিথি।”
সোশ্যাল মিডিয়ায় লিনের বেবিবাম্পের নানা মুহূর্তও শেয়ার করে নিয়েছিলেন এই দম্পতি। এমনকি সন্তানের জন্মের ঠিক একদিন আগেই তাঁরা একটি ম্যাটারনিটি ফটোশুটের ছবিও শেয়ার করেছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী রীতিতে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন রণদীপ হুডা ও লিন লাইশরাম। এবার তাঁদের সম্পর্ক আরও একধাপ এগোলো।