বলিউডে বাড়ছে অ্যাকশন ও হিংসার ট্রেন্ড, হারিয়ে যাচ্ছে রোম্যান্স—এমনই মন্তব্য করলেন করিনা কাপুর খান।

করিনা কাপুর খান, রণবীর সিং, রণবীর কাপুর
শেষ আপডেট: 10 March 2026 16:57
দ্য ওয়াল ব্যুরো: ‘পুরুষত্ব’-এর নামে আগ্রাসন এবং নারীবিদ্বেষের প্রচার করে বক্স অফিসে বিপুল মুনাফা করা কি এখন বলিউডের নতুন প্রবণতা হয়ে উঠছে? সিনেমাকে সমাজের অন্যতম আয়না বলা হয়। সেই কারণেই বড়পর্দায় অতিরিক্ত রক্তারক্তি, হিংসা কিংবা নারীবিদ্বেষের উপস্থিতি দর্শকের মনে কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।
গত তিন বছরে বড়পর্দায় ‘লার্জার দ্যান লাইফ’ নায়কের দাপট এবং মারকাটারি অ্যাকশনভিত্তিক ছবির দিকেই দর্শকদের ঝোঁক বেশি দেখা গেছে। সেই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, অতিরিক্ত হিংসা ও রক্তপাত দেখানোর প্রবণতায় কি বলিউড তার নিজস্ব পরিচয় হারাচ্ছে?
ভারতীয় সিনেমায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর ধারণা অবশ্য নতুন নয়। এই ধারার সূচনা হয়েছিল অমিতাভ বচ্চনের হাত ধরে। সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের বিভিন্ন প্রজন্মের নায়করা সেই ধারা এগিয়ে নিয়ে গেছেন। তবে ২০২৩ সাল থেকে ধীরে ধীরে হিন্দি সিনেমায় ‘আলফা মেল’ প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ কিংবা রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’—এই ছবিগুলি তীব্র অ্যাকশন এবং তারকাখ্যাতির জোরে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল।
২০২৪ ও ২০২৫ সালেও একাধিক অ্যাকশনধর্মী ছবি মুক্তি পেয়েছে। বর্তমানে সেই ধারা বজায় রেখেছেন রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। পাশাপাশি শাহিদ কাপুরকেও ‘ও রোমিও’ ছবিতে দেখা গেছে এক ভয়ংকর অবতারে। ফলে গত কয়েক বছরে বড়পর্দায় শক্তিশালী নায়ক ও অ্যাকশননির্ভর গল্পের দিকেই দর্শকদের ঝোঁক বেশি লক্ষ্য করা গেছে।
এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন করিনা কাপুর। তাঁর মতে, বলিউড ধীরে ধীরে তার পুরনো রঙিন আবহ হারিয়ে ফেলছে। করিনা বলেন, “এখনকার ছবিতে ছোট ছোট আবেগঘন মুহূর্ত প্রায় নেই বললেই চলে। একসময় মূলধারার বলিউড সিনেমা বলতে যে ধরনের ছবি বোঝানো হত, এখনকার ছবি তার থেকে অনেকটাই আলাদা। গল্প বলার ধরনেও বদল এসেছে। আগে যেখানে রোম্যান্স, গান আর আনন্দের মিশেলে ছবি তৈরি হত, এখন সেখানে প্রাধান্য পাচ্ছে রক্তপাত আর অ্যাকশন। অথচ হিন্দি সিনেমাকে দর্শক সবসময়ই প্রাণবন্ত ও রঙিন বলেই চিনেছে।”
এই আলোচনায় করিনার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং অনন্যা পান্ডেও।
এদিকে করিনা কাপুরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাঁর এই বক্তব্য কি পরোক্ষে ‘ধুরন্ধর’ ছবিকে লক্ষ্য করেই বলা? আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিতর্কিত ‘আলফা মেল’ চরিত্রের কথা। যদিও করিনার অনুরাগীদের একাংশের মতে, নিজের পরিবারের সদস্য হলেও সমালোচনার ক্ষেত্রে পিছপা হননি অভিনেত্রী।