দৃশ্যটি আসলে বন্ধুত্ব আর আস্থার গল্প তুলে ধরে, যেখানে কোনও সম্পর্ক কতটা টিকে থাকতে পারে, সেটাই ফোকাস। তবে এখানেই বাঁধল বিপত্তি।

রণবীর কাপুর, করণ জোহর।
শেষ আপডেট: 23 September 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ঝড় তুলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ The Ba***ds of Bollywood। অভিনব গল্প বলার ধরণ আর সাহসী এক্সিকিউশনের জন্য সিরিজটি দর্শকদের মন জয় করেছে। প্রশংসার ঝড় উঠলেও, শেষ পর্বে রণবীর কাপুরের একটি ছোট্ট দৃশ্যই এবার সিরিজটিকে টেনে এনেছে আইনি বিতর্কে।
শেষ এপিসোডে, শিরোনাম “Picture Ka Title Hoga…”, করণ জোহরের অফিসে ছোট্ট একটি সিকোয়েন্সে হাজির হন রণবীর কপূর। নিজের স্বভাবসিদ্ধ কেয়ারফ্রি ভঙ্গিতে প্রবেশ করেন তিনি, আর করণ জোহরের সঙ্গে চলতে থাকে হাসি-ঠাট্টা। নতুন ম্যানেজার নিয়োগের প্রসঙ্গে করণ যখন সান্যার সঙ্গে কথা বলছিলেন, তখনই রণবীরের এন্ট্রি। এক পর্যায়ে রণবীর সান্যার দিকে হাত বাড়িয়ে বলেন, “Hi. The vape…”। সান্যা তাঁকে ভেপটি দেন, আর রণবীর তা থেকে এক টান নেন। পরে মজার ছলে ম্যানেজারশিপ অফারও করেন সান্যাকে। যদিও সান্যা তা প্রত্যাখ্যান করেন এবং নিজের পুরনো সহকর্মীর প্রতি বিশ্বস্ত থেকে চলে যান।
দৃশ্যটি আসলে বন্ধুত্ব আর আস্থার গল্প তুলে ধরে, যেখানে কোনও সম্পর্ক কতটা টিকে থাকতে পারে, সেটাই ফোকাস। তবে এখানেই বাঁধল বিপত্তি। রণবীর কপূরের সেই ভেপ ব্যবহার ঘিরে তীব্র আপত্তি উঠল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) সরাসরি মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে রণবীর, শো-র নির্মাতা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করতে। অভিযোগ এনেছেন সমাজকর্মী বিনয় জোশী। তাঁর বক্তব্য, ২০১৯ সালের Prohibition of Electronic Cigarettes Act লঙ্ঘন করা হয়েছে, কারণ এই দৃশ্যে কোনও স্বাস্থ্য সতর্কতা বা ডিসক্লেমার ছাড়াই ভেপ ব্যবহার দেখানো হয়েছে। এর ফলে তরুণ দর্শকদের বিভ্রান্ত করার সম্ভাবনা রয়েছে এবং নিষিদ্ধ পণ্যকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়েছে।

এমনকি অভিযোগে বলা হয়েছে, সিরিজটি এক প্রকার অবৈধ পদার্থকে গ্ল্যামারাইজ করছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইন প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন দৃষ্টান্ত। এনএইচআরসি ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি মুম্বই পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে ই-সিগারেটের সাপ্লাই চেইন খতিয়ে দেখে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে।
একদিকে আরিয়ান খানের ডেবিউ সিরিজ দর্শক-সমালোচকের প্রশংসা কুড়োচ্ছে, অন্যদিকে রণবীর কাপুরের কয়েক মিনিটের উপস্থিতিই সিরিজটিকে বিতর্কের কেন্দ্রে এনে ফেলল। শিল্প আর আইনের টানাপোড়েনের এই খেলায়, বলিউড আবারও বুঝিয়ে দিল—ক্যামেরার সামান্য দৃশ্য কখনও কখনও বাস্তবের কোর্টে কত ঝড় তুলতে পারে।