লস অ্যাঞ্জেলেসে আইম্যাক্স স্ক্রিনিংয়ে প্রকাশ পেল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ শ্রীরাম রূপে রণবীর কাপুরের প্রথম ঝলক। এই সিনেমা হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টগুলোর একটি।

‘রামায়ণ’
শেষ আপডেট: 3 April 2026 11:31
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সামনে এল নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ’–এ (Ramayana Movie) শ্রীরাম রূপে রণবীর কাপুরের প্রথম ঝলক (Ramayana budget)। ভারতের আগে লস অ্যাঞ্জেলেসের আইম্যাক্স স্ক্রিনিংয়ে প্রথমবার দেখানো হয় ছবির টিজার। কোনও সংলাপ ছাড়াই শুধুমাত্র ভিজ্যুয়াল ম্যাজিক, রাজকীয় আবহ এবং মহাকাব্যিক উপস্থাপনায় তৈরি এই টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিস্ময় ও কৌতূহল দুটোই বাড়িয়ে দিয়েছে। বিশাল ক্যানভাসে মহাকাব্যের এই রূপায়ণ কতটা সফল হবে, তা নিয়েই এখন জোর জল্পনা চলছে।
‘দঙ্গল’ এবং ‘ছিঁছোড়ে’ খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারি জানিয়েছেন, এই ছবির পেছনে তিনি টানা সাত বছর সময় দিয়েছেন। মুম্বইয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, চিত্রনাট্য থেকে গবেষণা, কোনও জায়গাতেই আপস করা হয়নি। মহাকাব্যের আবেগ ও সাংস্কৃতিক গভীরতাকে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে একাধিকবার স্ক্রিপ্টের ড্রাফট বদলানো হয়েছে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। হলিউডের প্রি-ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তি ব্যবহার করে আগেভাগেই পরিকল্পনা করা হয়েছে প্রতিটি অ্যাকশন দৃশ্য, যাতে ভিজ্যুয়াল ও আবেগ—দুইয়েরই ভারসাম্য বজায় থাকে।
প্রযোজক নমীত মলহোত্রার হাত ধরে এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে চলেছে। প্রায় ৪০০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ছবিটি, যা দুই খণ্ডে মুক্তি পাবে। প্রথম খণ্ডের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে জোরকদমে চলছে গ্রাফিক্স ও ভিএফএক্সের কাজ। পাশাপাশি দ্বিতীয় খণ্ডের শুটিংও শুরু হয়ে গিয়েছে। ছবির আবহসঙ্গীতে অস্কারজয়ী এ. আর. রহমান এবং বিশ্বখ্যাত হ্যান্স জিমারের যুগলবন্দি এই প্রজেক্টকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।
দুই খণ্ডের মুক্তির মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র এক বছর। সম্পূর্ণ ছবিটি আইম্যাক্স ফরম্যাটের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে দর্শকরা এক নিমগ্ন ও বাস্তব অভিজ্ঞতা পান। হলিউডের ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পাল্লা দিতে আন্তর্জাতিক স্টান্ট টিম, লার্জ-স্কেল সেট পিস এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ছবির প্রতিটি ফ্রেমকে রাজকীয় করে তুলেছে।
রণবীর কাপুরকে শ্রীরাম রূপে দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার পর দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ কি সেই আক্ষেপ মেটাতে পারবে? এখন গোটা বিশ্বের চোখ বক্স অফিসের সেই মহারণের দিকে।