বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাঙ্কের কাজে, দুপুরে কথাও হয় স্ত্রীর সঙ্গে, এরপরই ফোন সুইচ অফ। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান টলিউডের পরিচিত মুখ চিত্রনাট্যকার-পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়
শেষ আপডেট: 3 April 2026 00:31
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় ফের উদ্বেগের খবর! বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাঙ্কের কাজে, দুপুরে কথাও হয় স্ত্রীর সঙ্গে, এরপরই ফোন সুইচ অফ। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান টলিউডের পরিচিত মুখ চিত্রনাট্যকার-পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিমতার একটি পিএনবি ব্যাঙ্কের কাজ সেরে ফেরার উদ্দেশে বেরিয়েছিলেন উৎসব (Utsav Mukherjee)। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি নাকি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন। কিন্তু সেই কথোপকথনের কিছুক্ষণ পর থেকে তাঁর ফোন সুইচড অফ পাওয়া যায় এবং তারপর আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি।
আরও উদ্বেগ বাড়াচ্ছে এই তথ্য যে, নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটি উৎসব বাড়িতেই রেখে গিয়েছিলেন। সঙ্গে ছিল প্রয়াত বাবার পুরনো ফোন, সেটিও বর্তমানে বন্ধ। ফলে প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থান শনাক্ত করার কোনও উপায় মিলছে না।
পরিবার ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কিনা, তিনি আদৌ ব্যাঙ্ক থেকে বেরিয়েছিলেন কিনা-এসব প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।
উৎসব মুখোপাধ্যায় মূলধারার বড় পরিচালক না হলেও, স্বাধীনভাবে ছবি তৈরি, শর্ট ফিল্ম ও চিত্রনাট্য লেখার জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। সহকর্মীদের মতে, ব্যক্তিত্বে শান্ত এবং কাজে অত্যন্ত মনোযোগী ছিলেন তিনি। 'বরুণবাবুর বন্ধু', 'ভবিষ্যতের ভূত'-এর মতো সিনেমার গল্প লিখেছেন তিনি।
একজন সৃজনশীল মানুষ এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে শিল্পমহলজুড়ে। পরিবারের আবেদন—যদি কেউ তাঁকে কোথাও দেখে থাকেন বা কোনও তথ্য জানেন, তবে যেন দ্রুত জানানো হয়।
এখনও উত্তরহীন রয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি—ব্যাংকে ঢোকার পর ঠিক কী ঘটেছিল উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে?