
শেষ আপডেট: 20 August 2022 06:53
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী মাসেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত দুজনের একসঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এর পাশাপাশি তাঁদের জীবনেও নতুন অতিথি আসতে চলেছে। প্রেগন্যান্সির মধ্যেও ছবির প্রচারে খামতি রাখছেন না আলিয়া। তবে এরই মধ্যে বিতর্কের শিকার হলেন রণবীর। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের ওজন বৃদ্ধি নিয়ে একটি মন্তব্য করেছিলেন রণবীর। তা নিয়েই শুরু হয় কটাক্ষ। রণবীরকে একেবারে ধুয়ে দেন নেটিজেনরা।
সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র'র প্রচারে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন আলিয়া ও রণবীর। তখনই আলিয়ার পাশে বসে কথা বলার সময় স্ত্রী'র 'বেবি বাম্প' দেখিয়ে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে রসিকতা করেন রণবীর। আলিয়ার উদ্দেশে রণবীরের এই মন্তব্য 'বডি শেমিং'-এর সমান ও অত্যন্ত অসম্মানজনক বলে দাবি শুরু করেন নেটিজেনরা।
সেই লাইভে আলিয়াদের ভক্তদের উদ্দেশে বলতে শোনা যায়, 'যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমরা কেন সর্বত্র ছড়িয়ে প্রচার করছি না, তাহলে বলব এইমুহূর্তে আমাদের ফোকাস…', এমন সময় আলিয়ার কথা মাঝপথে থামিয়ে দেন রণবীর। তিনি আলিয়ার বেবি বাম্প দেখিয়ে বলেন, 'কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কে ছড়িয়েছে।' এমন মশকরায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান আলিয়াও।
কলকাতায় এলে পুজো দিতে ভুলি না! সকাল সকাল কালীঘাট মন্দিরে তাপসী পান্নু
এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। একজন নেটিজেন লিখেছেন, 'এটা মোটেই হাসির ব্যাপার নয়'। আবার একজন মন্তব্য করেন, 'খুব খারাপ লাগল দেখে'। কারও আবার মন্তব্য, 'আলিয়া এঁর থেকে অনেক ভাল স্বামী ডিজার্ভ করে।'
উল্লেখ্য, এই বছরেই ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ও রণবীর। এরপর গত জুন মাসে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানান, তিনি খুব শিগগিরই সন্তানের জন্ম দিতে চলেছেন। এরমধ্যেই দুজনের প্রথম ছবি মুক্তি পাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। সবমিলিয়ে বেশ খোশমেজাজেই ছিলেন দুজন। কিন্তু তাল কাটল ছবির প্রোমোশনে।