
শেষ আপডেট: 1 July 2023 10:10
দ্য ওয়াল ব্যুরো: ‘প্রেমে পড়া বারণ’ শুনে একসময় মুগ্ধ হয়েছিল গোটা বাংলা। সেই গান হয়ে উঠেছিল, তরুণ-তরুণীদের জীবনের থিম সং। এরপর তিনি আবার আমজনতাকে মাত করেছিলেন ‘মন কেমনের জন্মদিন’ শুনিয়ে। কথা হচ্ছে সুরকার-গীতিকার তথা গায়ক রণজয় ভট্টাচার্যকে নিয়ে। টলিউডে মাত্র কয়েক বছরের কেরিয়ার। এরমধ্যেই ফিল্মফেয়ার-সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। কাজ করেছেন লগ্নজিতা চক্রবর্তী, মেখলা দাশগুপ্ত, স্নিগ্ধজিৎ ভৌমিকের মতো শিল্পীদের সঙ্গে। কিন্তু কেন অরিজিৎ সিংকে নিয়ে এখনও কাজ করছেন না রণজয়, তা নিয়ে অনুরাগীরা প্রশ্ন তুলছিলেন দীর্ঘদিন ধরেই। অবশেষে ভক্তদের সেই আশা পূরণ হতে চলেছে। নিজের পরবর্তী কাজেই অরিজিতের সঙ্গে জুটি বাঁধছেন রণজয়। ফলাও করে সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন নিজেই।
শনিবার সকালে ফেসবুক পোস্টে রণজয় লিখলেন, “অরিজিৎ সিং রণজয় ভট্টাচার্যের কম্পোজিশনে গান গাইলে কেমন হয়? গত কয়েক বছর ধরে যারা আমাকে ক্রমাগত এ বিষয়ে জিজ্ঞাসা করছেন এবং এর জন্য অপেক্ষা করছেন তাঁরা বিশেষ কিছুর জন্য প্রস্তুত হয়ে যান। এমনটা শীঘ্রই বাস্তবে হতে চলেছে।” রণজয়ের এই পোস্ট দেখে অনেকেই কমেন্ট বক্সে এসে তাঁকে শুভেচ্ছা জানান। এদিন দ্য ওয়াল-কে ফোনে রণজয় জানান, “রাজা চন্দের পরবর্তী ছবি ‘বিয়ে বিভ্রাট’-এর জন্য গানগুলি তৈরি করা হচ্ছে। ছবিতে একাধিক গান গাইছেন অরিজিৎ। এছাড়াও স্নিগ্ধজিৎ ভৌমিক ও অস্মিতা করের মতো তরুণ শিল্পীদের গানও রয়েছে। সবক’টি গানই বারিষের লেখা।”
উল্লেখ্য, এই নিয়ে বারিষের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধলেন অরিজিৎ। এর আগে গতবছর তাঁর লেখায় এবং সপ্তক সানাই দাসের সুরে অরিজিৎ গেয়েছিলেন ‘ভালবাসার মরশুম’। যা এখনও বাংলা গানের প্লে লিস্টে উপরের দিকেই রয়েছে। এবার রণজয় ভট্টাচার্যের সুরে এই জুটি আবার ম্যাজিক তৈরি করতে পারে কিনা, সেটাই দেখার। প্রসঙ্গত, ‘বিয়ে বিভ্রাট’ ছবিটি রম-কম হলেও মূলত মিউজিক্যাল ড্রামা। যেখানে লহমার চরিত্রটির গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতের চরিত্রটিকে। অন্যদিকে আবিরের চরিত্রটি একজন ইনডিপেন্ডেন্ট গায়কের, যার গান ইউটিউবে মুক্তি পায়। গান শেখাতে শেখাতে পরমব্রত প্রেমে পড়ে লহমার, এদিকে লহমা আবার ভালবেসে ফেলে আবিরকে। শেষ অবধি কী হবে, এই নিয়েই ছবির গল্প।
অর্ণবের সঙ্গে একফ্রেমে অরিজিৎ! দুই সঙ্গীতশিল্পী জুটি বাঁধছেন? জল্পনা সোশ্যাল মিডিয়ায়