জল্পনার অবসান। রাম চরণ ও উপাসনা কোনিডেলার ঘরে এল যমজ সন্তান—এক পুত্র ও এক কন্যা।

রাম চরণ, উপাসনা কোনিডেলা
শেষ আপডেট: 1 February 2026 12:14
দ্য ওয়াল ব্যুরো: জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। মেগাস্টার রাম চরণ (Ram Charan) এবং উপাসনা (Upasana) কোনিডেলা-র সংসারে এল একসঙ্গে দু’টি নতুন অতিথি। যমজ সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি—এক পুত্র ও এক কন্যার আগমনে আপ্লুত গোটা কোনিডেলা পরিবার। শনিবার রাতে এই সুখবরটি সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নেন রাম চরণের বাবা, দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী।
বড় নাতনি ক্লিন কারা-র পর এবার যমজ সদস্যের আগমনে পরিবারের আনন্দ যেন দ্বিগুণ। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় চিরঞ্জীবী লেখেন, “অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতাভরা হৃদয়ে জানাচ্ছি যে, রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছে। একটি পুত্র এবং একটি কন্যা। মা ও নবজাতকেরা দু’জনেই সুস্থ ও ভাল আছে। দাদু-ঠাকুমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদ ও পবিত্র আনন্দের।”
এই বার্তার সঙ্গেই তিনি ও তাঁর স্ত্রী সুরেখা সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান। তবে এই সুখবর একেবারে অপ্রত্যাশিত ছিল না। গত ২০২৫ সালের দীপাবলির সময় থেকেই অনুরাগীদের মনে জল্পনার বীজ বপন হয়েছিল। সেই সময় নিজের ‘সীমান্থম’ বা সাধভক্ষণ অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করে উপাসনা লিখেছিলেন, “এবারের দীপাবলি মানেই দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ।” তখন অনেকেই ‘ডাবল’ শব্দটির মধ্যেই যমজ সন্তানের ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন—শনিবার সেই জল্পনাই বাস্তব রূপ নিল।
২০১২ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ এবং অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারম্যান উপাসনা। বিয়ের পর দীর্ঘ ১১ বছর তাঁরা নিঃসন্তান ছিলেন। মাতৃত্ব নিয়ে উপাসনার অবস্থান ছিল স্পষ্ট ও ব্যক্তিগত। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে তিনি তখন মা হওয়ার সিদ্ধান্ত নিতে চাননি। এক সাক্ষাৎকারে উপাসনা বলেছিলেন, “মা হওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সমাজের চাপ বা বংশরক্ষার দায় থেকে মাতৃত্ব গ্রহণ করতে চাই না।”
বিয়ের প্রায় এক দশকেরও বেশি সময় পর, ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারা। সেই সময় উপাসনা জানিয়েছিলেন, মানসিকভাবে প্রস্তুত হয়েই তিনি মাতৃত্বকে গ্রহণ করেছেন। এবার ২০২৬ সালে যমজ সন্তানের আগমনে সেই সিদ্ধান্তের পরিণতি যেন আরও পরিপূর্ণ হয়ে উঠল। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা।
এই খুশির খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন-সহ দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকা দম্পতিকে অভিনন্দনে ভরিয়ে দেন। কোনিডেলা ও রেড্ডি পরিবারে এখন শুধুই উৎসবের আবহ।