মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালানোর অভিযোগ। তদন্তে নেমেছে মুম্বই পুলিশ, বাড়ানো হয়েছে নিরাপত্তা।

রোহিত শেট্টি
শেষ আপডেট: 1 February 2026 08:20
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে ফের আতঙ্ক। এবার নামী পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িকে লক্ষ্য করে গুলি (Firing) চালানোর ঘটনা সামনে এল। রবিবার ভোরে মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির বাড়ির বাইরে পর পর চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে খবর। ঘটনার সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শহরের অভিজাত এলাকায়, এক তারকা পরিচালকের বাড়ির সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
#Breaking : Unknown miscreants fired four rounds at a building housing Director Rohit Shetty's residence in Juhu. #RohitShetty pic.twitter.com/B9nkwcXoYL
— Megha Prasad (@MeghaSPrasad) January 31, 2026
ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তে নামে মুম্বই পুলিশ। জুহুতে যে বহুতলে রোহিত শেট্টি থাকেন, তার আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্তকারীরা রোহিতের বাড়িতে পৌঁছে ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করছেন। কী কারণে এই হামলা, বা এর নেপথ্যে কারা রয়েছে—তা এখনও পর্যন্ত জানা যায়নি।
বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী পরিচালকদের মধ্যে রোহিত শেট্টির নাম প্রথম সারিতেই আসে। সিনেমা পরিচালনার পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনাও করেন তিনি। তাঁর পরিচালিত ‘গোলমাল’ ও ‘সিঙ্ঘম’ সিরিজ একের পর এক বক্স অফিস সাফল্য এনে দিয়েছে। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিও তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। ফলে তাঁর বাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন মহলে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra | Police and forensic teams reach Director Rohit Shetty's residence, after an incident of firing was reported outside his residence. Further details awaited. pic.twitter.com/h1wVhtCtY7
— ANI (@ANI) January 31, 2026
উল্লেখ্য, মায়ানগরীতে তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা নতুন নয়। ২০২৪ সালে অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে মোটরবাইকে চেপে এসে দুষ্কৃতীরা একাধিক রাউন্ড গুলি চালায়। সেই ঘটনার দায়স্বীকার করে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং। এর কিছুদিন পরেই মুম্বইয়ের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়। সেই হামলার দায়ও নেয় বিশ্নোই গ্যাং। বাবা সিদ্দিকি সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এরপর থেকেই সলমন খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়।
এই ঘটনার ধারাবাহিকতায় হুমকি দেওয়া হয় শাহরুখ খানকেও। তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়। পাশাপাশি, বাড়িতে ঢুকে হামলার শিকার হন অভিনেতা সইফ আলি খান। সইফ ও করিনা কপূর খানের ছোট ছেলেকেও আক্রমণের চেষ্টা করে এক দুষ্কৃতী। ছেলেকে বাঁচাতে গিয়ে সেফের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই সময় দুষ্কৃতী একাধিক বার ছুরি দিয়ে কোপায় তাঁকে। আঘাত এতটাই গুরুতর ছিল যে ছুরির একটি অংশ ভেঙে সইফের কোমরে ঢুকে যায়। অস্ত্রোপচার করে পরে সেই অংশ বের করতে হয়। এই সব ঘটনার পরই রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার খবর সামনে এল। ফলে মুম্বইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।