পুজো মানেই বাঙালির সিনেমা-উৎসব। আর সেই উৎসবের ঠিক আগের দিন থেকেই শুরু হয়েছে এক দমদার লড়াই।

শেষ আপডেট: 26 September 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই বাঙালির সিনেমা-উৎসব। আর সেই উৎসবের ঠিক আগের দিন থেকেই শুরু হয়েছে এক দমদার লড়াই। গতকাল মুক্তি পেল এ বছরের পুজোর দুটি বহুল প্রতীক্ষিত বড় বাজেট ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ-২’ এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত ‘রঘু ডাকাত’।
মুক্তির আগেই সমাজ মাধ্যমে যেন শোনা যাচ্ছিল যুদ্ধের ঢাক। কিন্তু আসল রণক্ষেত্র তৈরি হলো মুক্তির তারিখ নিয়ে। শুরুতে ঠিক ছিল ২৬ সেপ্টেম্বর। কিন্তু রঘু ডাকাত-এর ট্রেলার লঞ্চেই দেব হঠাৎ ঘোষণা করলেন—ছবি আসছে ২৫ তারিখেই। তার একদিন বাদে শিবপ্রসাদও জানালেন, ‘রক্তবীজ’ও নামছে একই দিনে, অর্থাৎ ২৫ সেপ্টেম্বরেই। ফলে বোঝাই গেল, এবার সম্মুখসমর অবধারিত। আসল টেক্কা কে কাকে দিল, তার হিসেব মিলবে প্রথম দিনের শো শেষ হওয়ার পরেই।
২৫ তারিখে যেন দুই প্রতিদ্বন্দ্বী ছবি প্রায় একই দৌড়পথ থেকে শুরু করল যাত্রা। এখানে এসে প্রাসঙ্গিক হয়ে ওঠে Sacnilk-এর নাম। এটি একটি ভারতীয় ওয়েবসাইট ও ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, যা সিনেমা, টেলিভিশন ও বিনোদন জগতের খবর, বক্স অফিস রিপোর্ট ও রেটিং প্রকাশ করে। বলিউড, টলিউড বা দক্ষিণী—সব ক্ষেত্রের আয়, দর্শকসংখ্যা, রিভিউ, ট্রেন্ডিং আপডেটের সঠিক পরিসংখ্যান তুলে ধরাই এদের কাজ।
কে কতটা উপার্জন করল, কোন ছবি হিট বা ফ্লপ—সব জানার নির্ভরযোগ্য ঠিকানা Sacnilk। এখানেই ভরসা রাখেন সিনেমাপ্রেমীরা। শুধু সিনেমা নয়, লাইভ ইভেন্ট কভারেজ, খেলার টিকিটিং ডেটা এবং বিনোদন জগতের নানা বিশ্লেষণও জায়গা পায় এই প্ল্যাটফর্মে। এককথায়, Sacnilk আজ ভারতের বিনোদন জগতের বক্স অফিস পরিসংখ্যানের নির্ভরযোগ্য অভিধান।
Sacnilk-এর তুলে ধরা তথ্য অনুযায়ী প্রথম দিনের কালেকশনের হিসেব বলছে—‘মেগাস্টার’ রঘু ডাকাত আয় করেছে নেট ৪৫ লাখ টাকা। অন্যদিকে নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ তুলেছে প্রায় ১৫ লাখ টাকার নেট কালেকশন। তবে এই দৌড় তো সবে শুরু। সামনে তো আরও বড় খেলা বাকি।
আজ থেকেই প্রেক্ষাগৃহে আসছে পুজোর আরও দুটি ছবি—অনীক দত্তর ‘যত কান্ড কলকাতাতেই’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানী’। যুদ্ধটা কি তবে ঘুরে যাবে নতুন মোড়ে?
এখানে একটা তথ্য প্রাসঙ্গিক। সিনেমার ক্ষেত্রে গ্রস কালেকশন (GBOC) বলতে বোঝায় টিকিট বিক্রি থেকে আসা মোট আয়—যার মধ্যে করসহ সমস্ত শুল্ক যোগ থাকে। অন্যদিকে নেট কালেকশন (NBOC) হলো সেই অর্থ, যা কর কেটে নেওয়ার পর প্রযোজক ও পরিবেশকের হাতে পৌঁছয়। অর্থাৎ, গ্রস কালেকশন দেখায় ছবিটি কতজন দর্শকের কাছে পৌঁছল, আর নেট কালেকশনই আসল মুনাফার হিসেব। দু’টির ফারাকটাই হলো সরকারের কর বাবদ কেটে নেওয়া টাকা।
তবে সংখ্যার লড়াইয়ের থেকেও বড় কথা হলো, এই প্রতিযোগিতা আসলে বাঙালির সিনেমাপ্রেমের উৎসব। রক্তবীজ হোক বা রঘু ডাকাত, কিংবা যত কান্ড কলকাতাতেই—সবই তো শেষমেশ সেই রঙিন পর্দার জন্য। সেখানেই মিলেমিশে যায় লড়াই আর ভালোবাসা। পুজোর দিনগুলোতে বাঙালি সিনেমাপ্রেমীর হাতে থাকে একটাই অস্ত্র—টিকিট। আর সেই টিকিটেই লেখা থাকে জয়ের ইতিহাস।