পরিস্থিতি বুঝে নেটদুনিয়ায় অনুরোধ জানায় ছবির টিম ও রজনী-ভক্তরা—থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন।
.png.webp)
শেষ আপডেট: 14 August 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: সকালে মুক্তি, দুপুরের মধ্যেই অনলাইনে ফাঁস! রজনীকান্তের নতুন অ্যাকশন ড্রামা কুলি মুক্তির প্রথম দিনেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল অবৈধ কপি। ১৪ অগস্ট দুপুর নাগাদই টেলিগ্রাম চ্যানেল, অবৈধ ওয়েবসাইটে মিলতে শুরু করে ছবির একের পর এক প্রিন্ট—ফুল এইচডি থেকে শুরু করে নিম্নমানের ২৪০পি ভিডিওও।
সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ তখন ট্রেন্ডিং। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা-সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া আর টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাই পড়ল ঝুঁকিতে।
পরিস্থিতি বুঝে নেটদুনিয়ায় অনুরোধ জানায় ছবির টিম ও রজনী-ভক্তরা—থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। কারণ এই পাইরেসি সরাসরি প্রভাব ফেলতে পারে বক্স অফিস সংগ্রহে। কিন্তু কে কার কথা শোনে!
কুলি ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান ও শ্রুতি হাসান। ছবির গল্প ঘুরে বেড়ায় দেবা নামে এক প্রাক্তন সোনা পাচারকারীর চারপাশে। হারানো ক্ষমতা ফিরে পেতে সে খোঁজ করে এক পুরনো সোনালি ঘড়ির ভেতরে লুকনো প্রযুক্তির—যা শেষ পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় ভয়ংকর পরিণতির দিকে।
মুক্তির প্রথম দিনেই এমন ফাঁস শুধু নির্মাতাদের জন্য নয়, গোটা চলচ্চিত্র শিল্পের জন্যই এক বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, পাইরেসির এই দৌরাত্ম্য রুখতে হলে কড়া আইন প্রয়োগের পাশাপাশি দর্শকদের সচেতন হওয়াই সবচেয়ে জরুরি।