দক্ষিণী সিনেমাপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ আগস্ট মুক্তি পেল লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’।

‘কুলি’
শেষ আপডেট: 14 August 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সিনেমাপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ আগস্ট মুক্তি পেল লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’। এই ছবির হাত ধরেই বহুদিন পর বড়পর্দায় ফিরেছেন রজনীকান্ত। মুক্তির পর থেকেই দক্ষিণে যেন উৎসবের আমেজ, ঢাকঢোল, নাচগান, আতশবাজি—সব মিলিয়ে থিয়েটারপাড়ায় জমজমাট পরিবেশ।
সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে রজনীকান্ত ভক্তদের উদযাপনের ছবি ও ভিডিওতে। কোথাও বিশাল পোস্টারের গায়ে দুধ ঢালা, কোথাও থিয়েটারের বাইরে ও ভেতরে ঢোলের তালে নাচ, এমনকি লিফটের ভেতরেও নাচতে দেখা গেছে উচ্ছ্বসিত দর্শকদের। এক ভিডিওতে দেখা যায়, পর্দায় রজনীকান্ত প্রবেশ করতেই প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে হাততালি ও উল্লাসে ফেটে পড়েছে। কেউ নাচছে, কেউ আসন ছেড়ে লাফাচ্ছে, উত্তেজনায় ভরপুর সেই মুহূর্ত।
ভক্তরা পরিবারের সঙ্গে এসেও আনন্দে মাতছেন। ‘কুলি’র বিশাল পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, সব মিলিয়ে মুক্তিকে ঘিরে উন্মাদনার শেষ নেই।
কলানিথি মারানের সান পিকচার্স প্রযোজিত এই অ্যাকশন ড্রামায় রজনীকান্তের পাশাপাশি রয়েছেন নাগার্জুনা, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ, শ্রুতি হাসান, রেবা মনিকা জন, জুনিয়র এমজিআর ও মনীষা ব্লেসি। বিশেষ চমক হিসেবে রয়েছেন আমির খানের কেমিও। কাহিনি গোপন রাখা হলেও, ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন জানায়—এক রহস্যময় ব্যক্তি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ান, যারা এক বন্দর শহরের শ্রমিকদের শোষণ করে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির আগেই চমৎকার প্রি-বুকিং করেছে। উদ্বোধনী দিনে বিক্রি হয়েছে ১২ লক্ষেরও বেশি টিকিট, আর প্রথম সপ্তাহান্তেই আয় ছুঁয়েছে ১০০ কোটির ঘর।