এক পডকাস্টে নিজের জীবনের অন্যতম কঠিন শ্যুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের ‘বম্বশেল’ জিনাত আমান।

রাজ কাপুর ও জিনাত আমান
শেষ আপডেট: 4 July 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দায় সাহসী, কিন্তু বাস্তব জীবনে নিঃশব্দ দ্বিধায় ডুবে থাকা এক নবাগত অভিনেত্রী। রাজ কাপুরের মতো কিংবদন্তি পরিচালকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাঁকে, অথচ পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছিল, যখন ক্যামেরা চালু থাকার মাঝেই আচমকা আঁচল সরিয়ে দেন পরিচালক নিজেই। জিনাত আমান আজও সেই মুহূর্ত ভুলতে পারেন না।
এক পডকাস্টে নিজের জীবনের অন্যতম কঠিন শ্যুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের ‘বম্বশেল’ জিনাত আমান। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া রাজ কাপুর পরিচালিত ‘সত্যম শিবম সুন্দরম’ ছবি ঘিরে বিতর্ক ছিল যথেষ্ট। সাহসী পোশাকে জিনতের শিবপূজার দৃশ্য যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই সমালোচনার মুখেও পড়েছিল। কিন্তু পর্দার পিছনের গল্প ছিল আরও নাটকীয়।
জিনাত বলেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। শুনলাম ছবিতে কিছু বোল্ড দৃশ্য আছে। রাজজি বললেন, শিব মন্দিরে গিয়ে জল ঢালতে হবে হাঁটু পর্যন্ত সাদা শাড়ি পরে, ব্লাউজ ছাড়া। শুনে আমি হকচকিয়ে যাই। ভেবেছিলাম, নিজের অস্বস্তির কথা বললে উনি বুঝবেন। তাই শ্যুটিংয়ে ব্লাউজ পরে হাজির হই।”
কিন্তু সেই সিদ্ধান্তই উলটে দেয় পরিস্থিতি। জিনাত বলেন, “আমাকে ওই অবস্থায় দেখে রাজ কাপুর ভীষণ রেগে যান। আমার দিকে চিৎকার করতে থাকেন। কাছে ডেকে নিয়ে নিজের হাতে আঁচল সরিয়ে দিয়ে বললেন, যদি ব্লাউজ না খুলি, তাহলে গান থেকেই বাদ দিয়ে দেবেন। এটাই ছবির প্রাণ। আমি কান্নার ধারে দাঁড়িয়ে পড়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ক্যামেরা চলছে।"
পরিচালকের তীব্র মনোভাব মেনে নিয়েও শেষ পর্যন্ত গানটির শ্যুটিং করেন তিনি। আজ, এত বছর পর ফিরে তাকালে জিনাতের মতে, “রাজ কাপুর জানতেন তিনি কী করতে চাইছেন। গানটি আজও বলিউডের এক ‘মাইলস্টোন’। কিন্তু সেই মুহূর্তটা ভোলা যায় না।” রাজ কাপুরের পারফেকশনিজম নিয়ে নানা গল্প বলিউডে রয়ে গেছে।