ধারাবাহিকের শুটিংয়ে তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। চারদিন পরও তাঁর অকালমৃত্যু নিয়ে একগুচ্ছ প্রশ্ন রয়ে গেছে। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেবে আর্টিস্ট ফোরাম!

ফাইল ছবি
শেষ আপডেট: 2 April 2026 22:20
দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের শুটিংয়ে তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee Death)। চারদিন পরও তাঁর অকালমৃত্যু নিয়ে একগুচ্ছ প্রশ্ন রয়ে গেছে। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেবে আর্টিস্ট ফোরাম (Artist Forum)! তা ঠিক করতে বৃহস্পতিবার রাতে ফের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক বসল।
জানা যাচ্ছে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), দেব (Dev)-সহ অনেকেই ছিলেন। বৈঠকে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। সন্ধেয় শুরু হওয়া এই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলেছে বলেই খবর।
গত রবিবার তালসারিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে সহকর্মী, প্রত্যক্ষদর্শী- একের জনের বক্তব্য একেক রকম।
গত বুধবারই প্রসেনজিতের রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে আর ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে একটি বৈঠক ডাকা হয়েছিল। ক্ষতিপূরণের দাবি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এখানেই শেষ নয়, পাশাপাশি এও শোনা যায়, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করতে পারেন প্রিয়াঙ্কা।
তদন্ত যত এগোচ্ছে, ততই যেন আরও শক্ত হয়ে জড়িয়ে যাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের জট (Rahul Arunoday Banerjee Death Mystery)। পুলিশের জিজ্ঞাসাবাদ এখন এক নতুন চিত্র সামনে আনছে, যেখানে তথ্য আছে, কিন্তু তাদের পরিপূর্ণ মিল নেই।
টালিগঞ্জে একটাই দাবি রাহুলের মৃত্যুর বিচার চাই। স্লোগান—‘জাস্টিস ফর রাহুল’। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, এবার সেই দাবিতে রাস্তায় নামতে চলেছে টলিউড। শনিবার বিকেল চারটেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
যদিও বৃহস্পতিবার বিকেলে আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিচার চেয়ে পথে নামার কর্মসূচি তারা ঠিক করেননি। তবে কোনও শিল্পী যদি ব্যক্তিগতভাবে অংশ নিতে চান, তাঁর পূর্ণ অধিকার আছে।