কলকাতার পরিচিত থিয়েটার দল ‘ইচ্ছেমতো’-র সঙ্গে বেশ কিছুটা পথ চলেছিলেন রাহুলও। দীর্ঘদিন কাজের সূত্রে রাহুলের সঙ্গে সৌরভের সম্পর্ক ছিল বেশ গভীর। এই দলের অন্যতম উল্লেখযোগ্য প্রযোজনা ‘যে জানলাগুলোর আকাশ ছিল’—র গল্প লিখেছিলেন রাহুল নিজেই, আর পরিচালনা করেছিলেন সৌরভ পালোধী।
.jpg.webp)
শেষ আপডেট: 2 April 2026 19:33
দ্য ওয়াল ব্যুরো: টলিউড, শোক আর ক্ষোভ—দুই আবেগই এখন তোলপাড়। আর সেই আবেগের কেন্দ্রে রয়েছেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News)। তাঁর আকস্মিক মৃত্যু শুধু চলচ্চিত্র জগত নয়, নাড়িয়ে গিয়েছে থিয়েটার মহলকেও। এ ভয়ানক বাস্তব মেনে নিতে পারছেন না বাংলার মানুষ। টলিউড শিল্পীরা আজ একযোগে পথে নামতে চলেছেন। চাইছেন ন্যায় বিচার, সত্যি সামনে আনার দাবিতে সরব সিনেদুনিয়ার অন্দরমহল। স্মৃতির পাতায় ফিরছেন সকলেই। পরিচালক সৌরভ পালোধী-র (Saurav Palodhi) কাছেও এই আঘাত একান্ত ব্যক্তিগত, একইসঙ্গে গভীরভাবে পেশাগতও।
কলকাতার পরিচিত থিয়েটার দল ‘ইচ্ছেমতো’-র সঙ্গে বেশ কিছুটা পথ চলেছিলেন রাহুলও। দীর্ঘদিন কাজের সূত্রে রাহুলের সঙ্গে সৌরভের সম্পর্ক ছিল বেশ গভীর। এই দলের অন্যতম উল্লেখযোগ্য প্রযোজনা ‘যে জানলাগুলোর আকাশ ছিল’—র গল্প লিখেছিলেন রাহুল নিজেই, আর পরিচালনা করেছিলেন সৌরভ পালোধী। এই গল্পের একটি চরিত্রে তিনি নিজেও অভিনয় করতেন। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এখন এই গল্পের ভবিষ্যৎ কী? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এসে সে উত্তর দিলেন সৌরভ পালোধি। স্পষ্ট জানিয়ে দিলেন, এই গল্পের হাত ধরেই থেকে যাবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
ইচ্ছেমতোর কর্ণধার সৌরভ এদিন বলেন, ‘যা ঘটল সেটা নিয়ে আলোচনা করার ক্ষমতা-সাহস কোনওটাই নেই আমার। ২৯ মার্চ, সকাল ১০.৩৭ মিনিট, আমার ফোনে শেষ ফোনটা আসে, আর আসবে না। আমরা পরিকল্পনা করছিলাম, যে দলগতভাবে একটা স্মরণসভা করব। তারপর ভাবলাম, স্মরণসভা করব না। আমরা ভাবতেই চাই না, রাহুলদা আর নেই। রাহুলদা আছে, তাই আজ দুটো ঘোষণা করতে চলেছি। প্রথম, ‘যে জানলাগুলোর আকাশ ছিল’-র কাজ যেমন চলছিল চলবে। প্রতিদিন রাহুলদা আসবেন, শো চলবে, শেষ হলে রাহুলদা বাড়ি চলে যাবেন। এভাবেই উনি থাকবেন।’
তার আগে, আগামী ১০ তারিখ, দুপুর ১.৪৫-এ (আকাদেমি অব ফাইন আর্টস)‘যে জানলাগুলোর আকাশ ছিল’-র একটা শো হবে। এই শো-টা, বাকি শোয়ের থেকে আলাদা কেন? কারণ, এই শোয়ের কোনও টিকিট থাকছে না বলে জানান সৌরভ। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘অভিনেতা প্রতীক দত্ত, রাহুলের অংশটায় পাঠ করবেন। ওঁর প্রতি আমরা কৃতজ্ঞ, এত অল্প সময় রাজি হওয়ায়।’
পাশাপাশি আরও এক উদ্যোগের কথা বলেন সৌরভ পালোধি, ‘আমরা রাহুলদার স্মৃতিতে একটি রক্তদান শিবির করছি, আগামী ৫ এপ্রিল। আগে এই ধরনের কর্মসূচীতে রাহুলদা আসতেন। সেদিন ওঁকে নিয়ে খানিক কথাও হবে। রাজনৈতিক দিক থেকেই স্পষ্টভাষী একজন মানুষ, তাই তাঁর চলে যাওয়ায় বুকে লাল পতাকা থাকে। এটা অর্জন করতে হয়, এটা পাওয়া যায় না। রাহুলদা চাইতেন বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থাকতে। আমরাও সেই সূত্রেই এই উদ্যোগ নিলাম।’
এটুকু বলেই শেষ করেন সৌরভ। রাহুলের সঙ্গে ইচ্ছেমতোর সম্পর্ক প্রায় ২ বছরের। দিন-দিন পরিবারের অংশ হয়ে উঠেছিলেন তিনি। তাই ইচ্ছেমতো-র ইচ্ছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থেকে যাক, থিয়েটারের মঞ্চে, ‘যে জানলাগুলোর আকাশ ছিল’-র চিত্রনাট্য়, মঞ্চে।