গত রবিবার, ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকেই শোরগোল গোটা বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা।

জীতু কামাল (ফাইল ছবি)
শেষ আপডেট: 7 April 2026 10:46
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee Death) অকালমৃত্যু একাধিক প্রশ্নচিহ্ন তৈরি করেছে। তালসারিতে (Talsari) শুটিংয়ের সময় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। রাহুলের স্মৃতির (Rahul Banerjee memory) প্রতি শ্রদ্ধা জানাতে ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টলিপাড়ায় 'লাইট, ক্যামেরা, অ্যাকশন' বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতোই মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের কর্মবিরতি। আর্টিস্ট ফোরাম (Artist Forum), ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা রবিবার এক বৈঠকে সম্মিলিতভাবে এই কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও এই আন্দোলনকে শিল্পী ও কলাকুশলীরা সমর্থন জানিয়েছেন, অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন, কারণ শুটিং বন্ধ থাকায় তাদের আয় বন্ধ হয়ে যাচ্ছে।
এমন কঠিন পরিস্থিতিতে নিজের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কলাকুশলীদের পাশে দাঁড়ালেন অভিনেতা জীতু কামাল। শুটিং বন্ধ থাকায় যে সময়গুলিতে কর্মীরা পারিশ্রমিক পাবেন না, সেই অর্থ জীতু নিজে পকেট থেকে দেবেন বলে ঘোষণা করেছেন। সোমবার রাতের শুটিংয়ে জীতু জানান, “আমি খাব, তুমি থাকবে অভুক্ত। এটা হতে পারে না। যতটুক আমি অর্জন করছি, তার মধ্যে থেকে এইটুকু আমার পরিবারের টেকনিশিয়ানদের দিতে পারব।”
কলাকুশলীরা তাঁর এই উদ্যোগে আপ্লুত। তারা বলেছেন, “এই প্রথম কোনও অভিনেতা আমাদের কথা ভেবে এমন পদক্ষেপ নিলেন।” সোশ্যাল মিডিয়াতেও ফ্লোরের কলাকুশলীরা ভিডিও শেয়ার করে জানান, প্রিয় অভিনেতা জীতুর মানবিক পদক্ষেপে তারা অনুপ্রাণিত হয়েছেন।
সেই পোস্ট শেয়ার করে অভিনেতা লেখেন, "আমি খাব তুমি থাকবে অভুক্ত” এটা তো হতে পারে না।... দেখুন, আমি কিন্তু কুবেরের সন্তান নই। কিন্তু আমি আমার বাবা মার সন্তান,যে বাবা-মা শিখিয়েছে পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়।অন্তত খোঁজ নিতে হয়।..."
শনিবার রাহুলের মৃত্যুর (Rahul Arunoday Banerjee death) বিচার চেয়ে পথে নেমেছিলেন বাংলার কলাকুশলীদের একাংশ। অংশগ্রহণ করেছিলেন জিতুও। শোক ও প্রতিবাদের মাঝে তিনি রাহুলের ছবির পাশে নিজের ছবিতে মালা পরিয়ে শিল্পী ফোরামের বিরুদ্ধে সমালোচনাও করেন।
গত রবিবার, ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকেই শোরগোল গোটা বাংলায়। একাধিক প্রশ্ন, যার উত্তর একসপ্তাহ পরও অধরা। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর তালসারি থানায় এফআইআর করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের (Tollywood Artist Forum) সদস্যরা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মোট পাঁচজনের নামে এদিন লিখিত অভিযোগ জানান প্রিয়াঙ্কা। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নামের পাশাপাশি থাকল শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী ও চন্দ্রশেখর চক্রবর্তীর নাম। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় এই মামলা রুজু করা হয়।