.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 December 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো: সামনে ল্যাপটপ রাখা। বুকে সন্তানকে জড়িয়ে ধরে চলছে কাজ। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি শেয়ার করে মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সপ্তাহ খানেক আগেই মা হয়েছেন অভিনেত্রী। এতদিন সন্তানের কোনও ছবি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। এবার শুক্রবার সন্তানের ছবি শেয়ার করলেন। তবে কোল আলো করে ছেলে এসেছে না মেয়ে, সে সম্পর্কে কিছুই জানাননি রাধিকা।
ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করে তিনি এই সুখবর জানালেন। সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করেছেন রাধিকা। তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। সেই সঙ্গে সন্তান বুকে নিয়ে যে কাজ করা যায়, তা দেখিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে কাজের সঙ্গে মায়ের দায়িত্ব সমানভাবে সামলাচ্ছেন, তা স্পষ্ট ছবিতেই।
View this post on Instagram
সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে উৎফুল্ল অনুরাগীরা। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'জন্মের এক সপ্তাহ পর প্রথম কাজের মিটিং, সঙ্গে আমার সন্তান।'
বিবাহের প্রায় ১২ বছর পরে মা হয়েছেন তিনি। তবে এই দম্পতির দু'জনেরই তুমুল জনপ্রিয়তা থাকা সত্বেও ব্যক্তিগত জীবন একেবারেই প্রকাশ্যে আসতে দেন না তাঁরা। পোস্ট শেয়ার করতেই উচ্ছ্বসিত নেটিজেনরা। এখনও পর্যন্ত পোস্টটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভরে গিয়েছে অভিনেত্রীর পোস্টে।
২০১৩ সালে বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। ২০১১ সালে একটি ছবির জন্য লন্ডনে কনটেম্পোরারি ডান্স শিখতে গিয়ে ব্রিটিশ বেহালা বাদক এবং সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপরে এক বছরের মাথায় ২০১২ সালে বিয়ে করেন ইংল্যান্ডে।