
শেষ আপডেট: 6 January 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: বুম্বাদা। প্রসেনজিৎচট্টোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রিতে নামটাই কাফি। অনেকে বলেন, তিনিই গোটা ইন্ডাস্ট্রি। একটা সময় বাণিজ্যিক বাংলা সিনেমাকে একে হাতে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সম্প্রতি টলিউডের সীমানা পেরিয়ে হিন্দি ওটিটি জগতেও হাতেখড়ি হয়েছে তাঁর। 'স্কুপ' এবং বিশেষত 'জুবিলি'র হাত ধরে হিন্দিবিনোদনের জগতেও এখন প্রসেনজিৎ পরিচিত নাম।
আজ, শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের (মিশুক) জন্মদিন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন বুম্বাদা। সমাজমাধ্যমে বাবা-ছেলের একগুচ্ছ ছবি পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, "শুভ জন্মদিন মিশুক। জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি সফল হও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, জীবনে একজন ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হও। আমার ভালবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। ভগবান তোমার মঙ্গল করুন।"
কোনও ছবিতে ছেলের কাঁধে হাত দিয়ে আছেন অভিনেতা, আবার কোনওটিতে পিঠে পিঠ ঠেকিয়ে বসে। টলিউডের রাজার ছেলের জন্মদিন বলে কথা। ফলে প্রসেনজিত ভক্ত থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মা অর্পিতা পাল দুজনেই সিনেমাজগতের নামী তারকা হলেও হলেও মিশুকের যদিও এই জগতে খুব একটা আগ্রহ নেই। এখনও পড়াশোনা করছে মিশুক। সে খেলাধুলো নিয়েই থাকতে ভালবাসে বলে জানিয়েছেন প্রসেনজিৎ।
একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল, ছেলে মিশুকের সঙ্গে তাঁর মিল কোথায়? উত্তরে তিনি বলেন, "আমি মনে করি আমাদের মধ্যে অনেক মিল আছে, তবে পার্থক্য যেটা রয়েছে সেটা হল প্রজন্মে। ও আমাকে বিভিন্ন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে পরামর্শ দিয়ে থাকে।" তিনি আরও বলেন, "আমি সোশ্যাল মিডিয়ায় অত সক্রিয় নয়। ফলে মাঝেমাঝে ওর পরামর্শ শুনে আমার লাভই হয়েছে।"