টেলিপর্দার চেনা গণ্ডি পেরিয়ে সোশাল মিডিয়ার আলোয় যাঁদের উপস্থিতি বরাবরই উজ্জ্বল, সেই দুই মুখের জীবনে এল একান্ত নিজের মুহূর্ত।

শেষ আপডেট: 4 February 2026 13:55
দ্য ওয়াল ব্যুরো: টেলিপর্দার চেনা গণ্ডি পেরিয়ে সোশাল মিডিয়ার আলোয় যাঁদের উপস্থিতি বরাবরই উজ্জ্বল, সেই দুই মুখের জীবনে এল একান্ত নিজের মুহূর্ত। প্রিয়াঙ্কা মিত্র আর শুভ্রজিৎ সাহা—দর্শকের কাছে শুধু জনপ্রিয় অভিনেতা নন, তাঁরা বহুদিন ধরেই একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, শেষ শীতের এক সন্ধ্যায়, প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে সেই সম্পর্ক পেল সামাজিক স্বীকৃতি। চারহাত এক হল দু’জনের। (Priyanka Mitra, Subhrojit Saha)

গত এক মাস ধরে তাঁদের জীবনে চলছিল বিয়ের ছোট ছোট আনন্দের প্রস্তুতি। আইবুড়োভাত থেকে শুরু করে নানা আচার—সেই মুহূর্তগুলির ঝলক মাঝেমধ্যেই ধরা পড়েছে সোশাল মিডিয়ায়। মঙ্গলবার এসে সেই অপেক্ষার পরিসমাপ্তি। যদিও নবদম্পতির নিজের সোশাল হ্যান্ডেলে বিয়ের ছবি খুব বেশি দেখা যায়নি, তবু আত্মীয়স্বজন আর নিমন্ত্রিতদের ভাগ করে নেওয়া ছবিতেই ধরা পড়েছে তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
বিয়ের দিন প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। টুকটুকে লাল শাড়ি, সোনার গয়নার ঝলক, মাথায় শোলার মুকুট—সব মিলিয়ে তাঁকে লাগছিল চেনা বাঙালি নববধূর মতোই, অথচ আলাদা করে নজর কাড়ার মতো। পরিমিত মেকআপ আর স্বাভাবিক হাসিতে তাঁর সৌন্দর্য হয়ে উঠেছিল আরও উজ্জ্বল।

পাশে শুভ্রজিৎ, লাল সিল্কের পাঞ্জাবি আর সাদা ধুতিতে, সহজ অথচ রুচিশীল। স্টুডিওপাড়ার ঘনিষ্ঠ মানুষজনকে নিয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর—আড়ম্বর নয়, বরং আপনজনের উষ্ণতায় ভরা এক সন্ধ্যা। মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নামে, অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন এই নতুন দম্পতিকে।
এ বছর বিয়ের তালিকার শুরুটা হয়েছিল মধুমিতা সরকারের বিয়ের খবরে। তার পর বাগদানের সুখবর দিয়েছিলেন অদ্রিজা রায়। সেই ধারাবাহিকতায় এবার প্রিয়াঙ্কা আর শুভ্রজিতের সামাজিক বিয়ে। শুধু বিয়ের দিন নয়, তার আগের নানা মুহূর্তও প্রিয়াঙ্কা নিজেই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে—মেহেন্দি থেকে শুরু করে নিয়মরীতির খুঁটিনাটি।
শুভ্রজিতের নাম লেখা মেহেন্দির ছবিটি বিয়ের ঠিক আগের দিনই ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। তাঁদের গল্পের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়। ২০২৪ সালে তাঁরা আইনি বিয়ের মাধ্যমে একে অপরের হাত ধরেছিলেন। নতুন বছর শুরু হতেই জানা গিয়েছিল, এবার সামাজিকভাবেও সেই সম্পর্ককে উদ্যাপন করবেন তাঁরা। পেশাগত দিক থেকেও দু’জনেই ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে। অন্যদিকে শুভ্রজিৎ এর আগে ‘নয়নতারা’ ও ‘রাখি বন্ধন’-এর মতো ধারাবাহিকে নিজের জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।