দীপিকা পাড়ুকোনের হঠাৎ বিদায় যেন তুফান তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলকে ঘিরে। কেন তিনি সরে দাঁড়ালেন—এ নিয়ে অফিসিয়ালভাবে কিছু না বলা হলেও নানা মহলে কানাঘুষো চলছে।

ছবি AI
শেষ আপডেট: 3 December 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: দীপিকা পাড়ুকোনের হঠাৎ বিদায় যেন তুফান তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলকে ঘিরে। কেন তিনি সরে দাঁড়ালেন—এ নিয়ে অফিসিয়ালভাবে কিছু না বলা হলেও নানা মহলে কানাঘুষো চলছে। কেউ বলছে, নাকি দীপিকার ৮ ঘণ্টার ওয়ার্ক-শিফট দাবি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, আবার কেউ বলছে—চরিত্রের গুরুত্ব হ্রাস পেয়েছিল, প্রায় ‘ক্যামিও’র মতো জায়গা নাকি দেওয়া হচ্ছিল তাঁকে। তবে যাই হোক, আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—দীপিকার জায়গায় কাকে দেখা যাবে?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা—নির্মাতারা নাকি ভাবছেন প্রিয়াঙ্কা চোপড়ার নাম! একের পর এক রিপোর্ট, টুইট, পোস্ট—সবেতেই যেন একই ইঙ্গিত। Reddit-এ তো শুরু হয়ে গিয়েছে তুলকালাম। কেউ মজা করে লিখেছেন, ‘কাশীবাই এবার যেনো সত্যিই মস্তানিকে টেক্কা দিচ্ছে!” আবার এক নেটিজেনের মন্তব্য, “দীপিকার জায়গায় যদি কেউ মানানসই হয়, তা হলে প্রিয়াঙ্কাই। অন্য কেউ হলে ডাউনগ্রেড লাগত।”
আর একজনের প্রশ্ন—চলচ্চিত্রের গল্পে কীভাবে ব্যাখ্যা করা হবে নায়িকা বদলের বিষয়টি? চরিত্রটি মারা গেছে? নাকি হারিয়ে গেছে? নাকি অন্য কোনও যুক্তি দেখানো হবে?
উল্লেখ্য, সেপ্টেম্বরেই চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ব্যবসায়িক ভরসা দিয়ে ঘোষণা করেছিল—দীপিকা আর থাকছেন না সিকুয়েলে। তাঁদের বক্তব্য—‘অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ছবি তৈরির দীর্ঘ যাত্রার পরও আমরা ঠিকঠাক বোঝাপড়া খুঁজে পাইনি। এত বড় ফিল্ম আরও বেশি দায়বদ্ধতা দাবি করে।’
এরপর থেকেই শুরু হয় জল্পনা—দীপিকার জায়গায় কে? প্রথমদিকে উঠে আসে অনুষ্কা শেট্টি বা সাই পল্লবীর নাম। কিন্তু সাম্প্রতিকতম আলোচনায় যাঁর নাম আগুনের মতো ছড়িয়েছে—তিনি প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক এই সময়েই প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন আরও নজর কাড়ছে। রাজামৌলির পরিচালনায়, মহেশ বাবুর সঙ্গে তাঁর নতুন মহাকাব্যিক প্রজেক্ট ‘বারাণসী’-তে যোগদান এখনই ইন্ডাস্ট্রির ফোকাস কেড়ে নিয়েছে। ফলে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তাঁর সম্ভাব্য এন্ট্রি যেন আরও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে বহুজনের।
সমর্থকরা বলছেন, প্রিয়াঙ্কার প্যান–ইন্ডিয়া উপস্থিতি, অভিনয়, আন্তর্জাতিক খ্যাতি—সব মিলিয়ে তাঁকে সেরা পছন্দ হিসেবেই ভাবা যেতে পারে। বিশেষত যখন ছবিটি আন্তর্জাতিক বাজারে বড়সড় রিলিজের পরিকল্পনায় রয়েছে। অবশ্যই, সবটাই এখনো আলোচনার পর্যায়ে। নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। নাগ অশ্বিন পরিচালিত এই সিকুয়েল মুক্তি পেতে পারে ২০২৭ সালে।
তাহলে কি সত্যিই দীপিকাকে রিপ্লেস করবেন প্রিয়াঙ্কা? নাকি শেষ মুহূর্তে কোনও নতুন চমক অপেক্ষা করছে?