প্রেম সাগরের প্রয়াণে এক যুগের অবসান হল। তাঁর রেখে যাওয়া কাজ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

প্রেম সাগর
শেষ আপডেট: 31 August 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন রামানন্দ সাগরের পুত্র ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রেম সাগর। রবিবার, ৩১ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
চলচ্চিত্র থেকে টেলিভিশন, দুই ক্ষেত্রেই প্রেম সাগর রেখে গিয়েছেন ছাপ। তাঁর প্রযোজিত ও নির্মিত কাজের মধ্যে রয়েছে ‘চরস’, ‘আখেন’, ‘আলিফ লায়লা’, ‘লালকার’-এর মতো বহু জনপ্রিয় ছবি ও ধারাবাহিক। তবে সর্বাধিক পরিচিতি এনে দিয়েছিল ‘রামায়ণ’।
প্রখ্যাত পরিচালক রামানন্দ সাগরের পুত্র হিসেবে তিনি বাবার পথ ধরে এগিয়েছিলেন, আর তাঁর সঙ্গে যৌথভাবেই গড়ে তুলেছিলেন ‘সাগর আর্টস’ ব্যানার। সেই ব্যানারের প্রযোজনাতেই ১৯৮৭ সালে দূরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল মহাকাব্য-ভিত্তিক ধারাবাহিক রামায়ণ, যা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে আজও মাইলফলক হয়ে আছে।
শুধু চলচ্চিত্র বা টেলিভিশন নয়, সাহিত্যেও অবদান রেখেছেন প্রেম সাগর। তিনি লিখেছিলেন পিতা রামানন্দ সাগরের আত্মজীবনী ‘অ্যান এপিক লাইফ: রামানন্দ সাগর, ফ্রম বরসত টু রামায়ণ' (An Epic Life: Ramanand Sagar, From Barsaat to Ramayan), যেখানে তুলে ধরেছিলেন কিংবদন্তির জীবনের অজানা অধ্যায়।
তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র ও টেলিভিশন জগতে। ‘রামায়ণ’-এ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা সুনীল লাহরী এক্স-এ লিখেছেন, 'অত্যন্ত মর্মান্তিক খবর। আমরা হারালাম প্রেম সাগরজিকে, রামানন্দ সাগরজির পুত্র। ওঁ শান্তি।'
অভিনেতা অরুণ গোবিল, যিনি ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করেছিলেন, গভীর শোকপ্রকাশ করে লিখেছেন, 'প্রয়াত শ্রী রামানন্দ সাগরের পুত্র ও প্রখ্যাত প্রযোজক শ্রী প্রেম সাগরের মৃত্যু সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। যিনি টেলিভিশনের মাধ্যমে ভগবান শ্রী রামের মর্যাদা ও আদর্শ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, তাঁর প্রয়াণ শিল্পজগতের অপূরণীয় ক্ষতি। ভগবান শ্রী রামের চরণে প্রার্থনা করি, তিনি যেন আত্মার শান্তি দেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।'
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) ১৯৬৮ ব্যাচের ছাত্র ছিলেন প্রেম সাগর। দীর্ঘ কেরিয়ারে বাবার সঙ্গেই বেশিরভাগ কাজ করেছেন। বাবার মতো তিনি বিশ্বাস করতেন ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্যের মহিমা টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায়।
প্রেম সাগরের প্রয়াণে এক যুগের অবসান হল। তাঁর রেখে যাওয়া কাজ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।