১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। ছোট থেকেই অভিনয় আর বিনোদনের প্রতি তাঁর গভীর ঝোঁক ছিল। তাঁর অভিনয়জীবন শুরু হয় ‘অপরূপা’ ছবি দিয়ে।

শেষ আপডেট: 25 August 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। ছোট থেকেই অভিনয় আর বিনোদনের প্রতি তাঁর গভীর ঝোঁক ছিল। তাঁর অভিনয়জীবন শুরু হয় ‘অপরূপা’ ছবি দিয়ে। নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। তবে বড় সাফল্য আসে পরিচালক অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ ছবিতে। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয় হয়েছিল। গুঞ্জন উঠেছিল তাঁদের সম্পর্ক নিয়েও। এছাড়াও ‘চপার’, ‘নাগমোতি’, ‘আমরা’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। একসময় বিজেপি রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০১৪ ও ২০১৯ সালে বীরভূম ও উলুবেড়িয়া লোকসভা থেকে প্রার্থী হয়েছিলেন, যদিও সাফল্য পাননি। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবির ছাড়েন। ব্যক্তিজীবনে অভিনেতা ছিলেন তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। বিচ্ছেদের পর যদিও তিনি ফের বিয়ে করেছিলেন।
একদিকে রুপালি পর্দায় স্মরণীয় নায়ক, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মুখ—দুই মঞ্চেই ছাপ রেখেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং রাজনৈতিক মহল।