বর্ষবরণের রাতে প্রকাশ্যে এল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর প্রথম লুক। দীপিকা পাড়ুকোনের বদলে তৃপ্তি দিমরিকে কাস্ট করায় নেটপাড়ায় শুরু তীব্র বিতর্ক।

‘স্পিরিট’
শেষ আপডেট: 1 January 2026 19:14
দ্য ওয়াল ব্যুরো: সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষবরণের রাতেই বহু প্রতীক্ষিত ‘আসল’ চমক দিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ২০২৫ সাল জুড়ে নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিল তাঁর আগামী ছবি ‘স্পিরিট’। কখনও সিনেমার সম্ভাব্য বিপুল বাজেট নিয়ে চর্চা, আবার কখনও দীপিকা পাড়ুকোনকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে পরিচালককে। সেই বিতর্কের আবহেই দর্শক-অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, প্রভাসের বিপরীতে দীপিকার জায়গায় শেষ পর্যন্ত কোন অভিনেত্রীকে দেখা যাবে?
বুধবার গভীর রাতে সেই কৌতূহলের ইতি টানলেন ভাঙ্গা নিজেই। বর্ষবরণের মুহূর্তে প্রকাশ্যে এল ‘স্পিরিট’-এর প্রথম লুক। আর তা সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়ে গেল তুমুল বিতর্ক। প্রথম দিকে শোনা গিয়েছিল, দীপিকার পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করা হতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য ছবি, প্রভাসের শেয়ার করা পোস্টারে তাঁর সঙ্গে রয়েছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত তৃপ্তি দিমরি, যাঁকে অনেকেই ‘ভাবি ২’ বলেই চিনছেন।
গত বছরে ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর থেকেই তৃপ্তি দিমরি পরিচালক-প্রযোজকদের চোখের মণি হয়ে উঠেছেন, সে কথা অস্বীকার করার জায়গা নেই। তবু দীপিকা বা প্রিয়াঙ্কার মতো তারকার বিকল্প হিসেবে তাঁকে মেনে নিতে পারছেন না নেটবাসিন্দাদের একাংশ। সেই অসন্তোষের তীর গিয়ে পড়েছে সরাসরি সন্দীপ রেড্ডি ভাঙ্গার দিকেই। ফলে লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রভাসের বহুল আলোচিত ছবি ‘স্পিরিট’ চলে এসেছে নেতিবাচক লাইমলাইটে।
প্রথম পোস্টারেই দুই মুখ্য চরিত্রের লুক স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে প্রভাস, শরীরজুড়ে ক্ষতের দাগ, জায়গায় জায়গায় বাঁধা ব্যান্ডেজ। চোখে রোদচশমা, কাঁধ ছুঁইছুঁই লম্বা চুল। এক হাতে পানীয়ের বোতল, মুখে সিগারেট, যা জ্বালিয়ে দিচ্ছেন ‘প্রেয়সী’ তৃপ্তি দিমরি। এই রাফ-টাফ, আক্রমণাত্মক লুক দেখেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
প্রভাস-অনুরাগীরা ছবিকে আগাম ‘ব্লকবাস্টার’ আখ্যা দিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেও, অন্য এক বড় অংশের দর্শক এই লুকের মধ্যে ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের চরিত্রের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে এটিকে ‘সস্তা অ্যানিম্যাল’ বলেও কটাক্ষ করেছেন। সব মিলিয়ে, লুক প্রকাশের পরও বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রয়ে গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’।