
শেষ আপডেট: 4 October 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: খবরের শিরোনামে থাকতে গেলে অভিনয় ছাড়াও আরও যে নানা উপায় আছে এ কথা খুব ভাল ভাবেই জানেন এই মুহূর্তে দুই বাংলার অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমনি। প্রায় প্রতিদিনই নানা কারণে খবরের শিরোনামে জায়গা করে নেন ওপার বাংলার এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে যেমন অকপট পরীমনি তেমনই এমন অনেক কথা অনায়াসে তিনি বলে দেন সংবাদ মাধ্যমে যা হয়তো অন্য কেউ বলতে গেলে থমকাবেন।
ঠিক এমন ভাবেই সংবাদ মাধ্যমে ফের একবার বোমা ফাটালেন পরীমনি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এমন কোনও একজন রয়েছেন যাকে হাতের সামনে পেলে তিনি মারতে পিছপা হবেন না। তবে কে সে তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। স্পষ্ট বলেন, আগে থেকে বলে দিলে সে সতর্ক হয়ে যাবে, সেই কারণেই তাঁকে মারার আগে সতর্ক হওয়ার কোনও রকম সুযোগ তিনি দিতেই চান না।
প্রত্যাশিত ভাবেই অভিনেত্রীর এই বক্তব্যে নেটিজেনদের অনুমান হয়তো প্রাক্তন স্বামী শরিফুল রাজের কথাই বলেছেন তিনি। মাত্র কিছু দিন আগেই পরীমনি শরিফুলকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন। তবে বিচ্ছেদের পরও যে প্রাক্তন স্বামীর বিষয়ে তাঁর ঘৃণা বা রাগ কমেছে তেমন কোনও লক্ষণ দেখা যায়নি পরীমনির ব্যবহারে। বরং কিছু দিন আগে বাংলাদেশে সেলিব্রিটি ক্রিকেট লীগে হাতাহাতির ঘটনায় শরীফুল রাজ অভিযুক্ত এই কথা জানাজানি হলে নাম না করেই প্রাক্তন স্বামীর প্রতি বিষোদগার করেছেন পরীমনি। ফলে, হাতের সুখ করে নেওয়ার সুযোগ পেলে হয়তো তিনি শরিফুল রাজকেই বাছবেন এমনটাই অনুমান সকলের।
প্রসঙ্গত, বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি মুখ খোলেন তাঁর জেল-যাত্রা নিয়েও। ২০২১ সালে বাড়িতে নিষিদ্ধ মাদক পাওয়া গেলে জেলে যেতে হয়েছিল অভিনেত্রীকে। বেশ কিছু মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়েছিলেন পরীমনি। সেই প্রসঙ্গেই অভিনেত্রীর মন্তব্য, 'অনেকেই ভেবেছিল আমি হয়তো আর কোনও দিন জেল থেকে বেরোবই না।' সেই সময়ে যারা তাঁকে কটাক্ষ করেছিলেন তাঁদের প্রতি অভিনেত্রীর মন্তব্য, 'আমার সঙ্গে ভবিষ্যতে হয়তো আবার কাজ করতে হবে, ফলে আমার মুখোমুখি হওয়ার জন্য তাঁরা যেন তৈরি থাকেন।'