
শেষ আপডেট: 3 January 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই পঞ্চম বর শরীফুল রাজকে 'ছুটি' দিয়ে দিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী পরীমণি (Porimoni and Raj Divorce)। তাই নিয়েই এখন চর্চা গোটা বাংলাদেশে। ঢালিউডে কেবলই জল্পনা, পরীমণি ও তাঁর সদ্যপ্রাক্তন স্বামী শরীফুল রাজের গত এক বছরের দাম্পত্য নিয়ে। বম্বের যেমন বলিউড, টালিগঞ্জের টলিউড, ঢাকার তেমনই ঢালিউড। তো সেই ঢালিউড এখন কারণ খুঁজতে বসেছে এই ভাঙনের। ঠিক কী এমন হল, যে, ‘আদর্শ স্বামী-স্ত্রী’ হিসেবে তকমা পেতে পেতেও ভেঙে গেল ঘর!

পরীমণি ও শরীফুল দু'জনেই ফেসবুক থেকে তুলে নিয়েছেন নিজেদের 'ম্যারিটাল স্টেটাস'। কিন্তু দু'জনের পেজেই জ্বলজ্বল করছে বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও, স্টেটাস, সন্তানের জন্মের আনন্দ। তবে সে সবই এখন অতীত। তাঁরা স্পষ্ট বলে দিয়েছেন, কোনওভাবেই একসঙ্গে থাকছেন না তাঁরা। কিন্তু কেন তাঁদের নতুন সংসার ভেঙে গেল তাসের ঘরের মতো!

পরীমণি রাখঢাক না করেই খোলামনে বলে দিয়েছেন ভাঙনের কারণ। তবে অবশ্যই সেটা তাঁর নিজের দিক থেকে উঠে আসা কথা। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। রাজের আচার-আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে আলাদা হয়ে গেলাম।’

আবার অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে শরীফুল রাজও স্পষ্ট বলে দিয়েছেন, তাঁদের সম্পর্ক আর জোড়া লাগবে না।
পরীমণি-রাজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও বলছেন এমনই কথা। গত বছরে সন্তানের জন্মের কয়েক মাস পর্যন্ত ভালই ছিলেন দু'জনে। কিন্তু কয়েক মাস আগে থেকেই অবনতি ঘটতে থাকে তাঁদের সম্পর্কে। ঝগড়াঝাঁটি বাড়তে থাকে, শুরু হয় পারস্পরিক সন্দেহ, অশ্রদ্ধা। বাড়তে থাকে দূরত্ব। এর পরেও চেষ্টা করেছিলেন দু'জনেই একসঙ্গে থাকার, কিন্তু তা আর সম্ভব হল না শেষমেশ।

২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে পরীমণি ও শরীফুল রাজের পরিচয় হয়। এর পর বন্ধুত্ব, প্রেম, ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে। বিয়ের পরে তাঁরা প্রকাশ্যে আনেন সে খবর। পরীমণি জানান, অন্যরকম রাজকে আবিষ্কার করেছেন তিনি, সারা জীবন একসঙ্গে থাকতে চান। রাজও বলেছিলেন, 'ও কখনওই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি, দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

বিয়ের পরে অগস্ট মাসে সন্তানও আসে পরীমণির কোলে। সবই হয় খুব দ্রুত। সবকিছু আবার ভেঙেও গেল খুব দ্রুত। পরীমণি ও শরীফুল রাজ এখন দু'জন দু'জনের নামও শুনতে পারছেন না। ঢালিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, সে তিক্ততার খবর।
ঢালিউডের পরীমণি নিজেই যেন এক চিত্রনাট্য! বহু প্রেম, উদ্দাম জীবন আবার সমাজসেবীও