প্রতি সপ্তাহের মতো আবারও এসে গেল ছোটপর্দার ভাগ্যগণনার দিন। কার মুখে হাসি, কার চোখে চিন্তার ভাঁজ— সেই হিসেব কষে দিল চলতি সপ্তাহের টিআরপি তালিকা।

শেষ আপডেট: 26 February 2026 15:11
দ্য ওয়াল ব্যুরো: প্রতি সপ্তাহের মতো আবারও এসে গেল ছোটপর্দার ভাগ্যগণনার দিন। কার মুখে হাসি, কার চোখে চিন্তার ভাঁজ— সেই হিসেব কষে দিল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। সংখ্যার এই খেলায় কখনও উল্লাস, কখনও হতাশা। আর সেই দোলাচলের মধ্যেই বদলে যাচ্ছে স্লট, পাল্টে যাচ্ছে সমীকরণ। (Parineeta, Jowar Bhata, Mega serial, Bengali Mega Serial, Bengali TRP 2026)
এই সপ্তাহে প্রথমেই যার কথা বলতে হয়, তা হল নতুন ধারাবাহিক শুধু তোমারই জন্যে। অনেক প্রত্যাশা নিয়ে শুরু হলেও ওপেনিং সপ্তাহে তার ঝুলিতে এসেছে মাত্র ২.১। বিকেলের স্লটে দর্শক টানা এমনিতেই কঠিন, তার উপর স্লট প্রতিদ্বন্দ্বী তুই আমার হিরো বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছে ২.৮ রেটিং নিয়ে। শুরুটা তাই আশানুরূপ হল না। তবে মেগার পথ তো দীর্ঘ, সময়ই বলবে গল্প কোথায় গিয়ে দাঁড়ায়।
অন্যদিকে এই সপ্তাহের বড় চমক জোয়ার ভাঁটা। নিশা-উজির জুটি যেন সত্যিই জোয়ার তুলেছে দর্শক মনে। ৬.১ রেটিং নিয়ে সরাসরি তৃতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিকটি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা— এই প্রথম নিজের স্লট হারাল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। নতুন সময়েও দুর্দান্তভাবে জায়গা পাকা করে ফেলেছে জোয়ার ভাঁটা। আরাত্রিকা-শ্রুতির অনুরাগীরা তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।
তবে সবার চোখ যে প্রশ্নে আটকে— শীর্ষে কে? প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার পরিণীতা, রেটিং ৬.৪। একদম গা ঘেঁষাঘেঁষি লড়াইয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম আজকের নায়ক, তার রেটিং ৬.৩। মাত্র শূন্য দশমিক একের ব্যবধানে শীর্ষ হাতছাড়া। সংখ্যার খেলা কখনও কখনও কত নির্মম!
চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও রাঙামতি তীরন্দাজ— দু’জনেরই রেটিং ৬.০। পঞ্চম স্থানে ও মোর দরদিয়া পেয়েছে ৫.৮। ষষ্ঠ স্থানে একই রেটিং ৫.৪ নিয়ে রয়েছে তারে ধরি ধরি মনে করি এবং আমাদের দাদামণি। আবারও স্লট হারাল তারে ধরি ধরি মনে করি।
সপ্তম স্থানে লক্ষ্মী ঝাঁপি ৫.২ নম্বর নিয়ে নিজের জায়গা ধরে রেখেছে। অষ্টম স্থানে তিনটি মেগা— চিরসখা, চিরদিনই তুমি যে আমার এবং কনে দেখা আলো, প্রত্যেকেরই রেটিং ৪.৮। নবম স্থানে বেশ করেছি প্রেম করেছি পেয়েছে ৪.৭। আর দশম স্থানে রয়েছে কুসুম, রেটিং ৪.২।
এই তালিকার মাঝেই লুকিয়ে রয়েছে কিছু অস্বস্তির ইঙ্গিত। চিরদিনই তুমি যে আমার নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জীতু ও শিরিনের গল্পে একের পর এক মোড় এলেও দর্শক যেন পুরোপুরি সাড়া দিচ্ছেন না। লক্ষ্মী ঝাঁপি-র সঙ্গে ব্যবধান ক্রমশ বাড়ছে। উপরন্তু নতুন প্রতিপক্ষ হিসেবে এসে দাঁড়িয়েছে চিরসখা।
এরই মধ্যে সম্প্রচার শুরু হয়নি সাত পাকে বাঁধা। ঘোষণার পরেও পিছিয়ে গেছে তার আগমন। ফলে চিরসখা-র বিপরীতে জায়গা করে নিয়েছে আমাদের দাদামণি। দেখা গেল প্রতীক সেনের এই মেগা টিআরপি-তে পিছনে ফেলে দিল স্বতন্ত্র এবং কমলিনী-কে।
খবর রটেছিল, আনন্দী বন্ধ হবে। সেই স্লটে যাবে আমাদের দাদামণি, আর রাত ন’টার জায়গায় আসবে সাত পাকে বাঁধা। কিন্তু আপাতত পুরো বিষয়টি ধোঁয়াশায় রেখে দিয়েছে জি বাংলা। দর্শকের কৌতূহল তাই আরও বাড়ছে।
তবে একটা বাস্তবতাও চোখে পড়ছে— এখন অনেক বাড়িতেই টিভির শব্দ আগের মতো সারাক্ষণ ভেসে আসে না। বার্ষিক পরীক্ষা, বোর্ডের প্রস্তুতি— সংসারের অগ্রাধিকার বদলেছে। তার প্রভাব পড়ছে ধারাবাহিকের টিআরপি-তেও। সংখ্যাগুলো তাই শুধু জনপ্রিয়তার মাপকাঠি নয়, সময়েরও প্রতিফলন।
ছোটপর্দার এই লড়াই চলবে। কেউ আজ শীর্ষে, কাল হয়তো সরে যাবে। কেউ হারিয়ে গিয়ে আবার ফিরে আসবে নতুন মোড়ে। দর্শকের আঙুলের রিমোটই শেষ কথা বলে। আর সেই রিমোটের নীরব সিদ্ধান্তেই তৈরি হয় সাফল্যের গল্প, কিংবা অপ্রকাশিত আক্ষেপের দীর্ঘশ্বাস।