এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি কাউকে প্রস্রাব পান করতে বলিনি, তাই না? আমি তো ওদের থেকে কিছু কেড়ে নিইনি! তাহলে ওরা এত ক্ষুব্ধ কেন?"
_0.png.webp)
পরেশ রাওয়াল
শেষ আপডেট: 22 July 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন পরেশ রাওয়াল। কখনও কমেডিতে, কখনও বা চরিত্রাভিনেতা হিসেবে তাঁর উপস্থিতি প্রশংসিত। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পুরনো ঘটনার কথা জানিয়ে প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, পায়ে চোট পেয়ে হাসপাতাল ভর্তি থাকার সময় একবার তিনি নিজের প্রস্রাব পান করেছিলেন, কারণ একজন অভিজ্ঞ ব্যক্তি তাঁকে সেই উপদেশ দিয়েছিলেন। তাঁর মতে, সেটিই তাঁর হাড় দ্রুত সেরে ওঠার পিছনে বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু অভিনেতার এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক কটাক্ষ, ট্রোল, এমনকি কেউ কেউ এটিকে “বিপজ্জনক পরামর্শ” বলেও বর্ণনা করেন।
এই প্রসঙ্গে ‘বুলেট রাজা’ ও ‘হেরা ফেরি থ্রি’ খ্যাত অভিনেতা এবার মুখ খুলেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি কাউকে প্রস্রাব পান করতে বলিনি, তাই না? আমি তো ওদের থেকে কিছু কেড়ে নিইনি! তাহলে ওরা এত ক্ষুব্ধ কেন?"
ট্রোলারদের কটাক্ষে বিশেষ গুরুত্ব না দিয়ে পরেশ রাওয়াল বলেন, "এটা তো আমার ব্যক্তিগত জীবনের ৪০ বছর আগের একটা ঘটনা। মানুষ তিলকে তাল করতে ভালবাসে। ওদের মজা করতেই দিন।" তিনি আরও জানান, এই মন্তব্যের পর অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, কেউ কৌতূহলবশে, কেউ বা সহানুভূতির জায়গা থেকে।
একই সাক্ষাৎকারে পরেশ রাওয়ালকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি অক্ষয় কুমারকে 'বন্ধু' নয়, ‘সহকর্মী’ বলেছেন। অভিনেতার স্পষ্ট উত্তর, "বন্ধু মানে এমন কেউ যার সঙ্গে মাসে পাঁচ-ছয়বার দেখা হয়, সপ্তাহে কয়েকবার কথা হয়। আমার আর অক্ষয়ের কেউই সামাজিক মানুষ নই। তাই আমি ওঁকে সহকর্মীই বলেছি। মানুষ সেটাকেই গল্প বানিয়ে ফেলছে।"
এই বিতর্কের সূত্রপাত দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকার থেকে। সেখানে পরেশ জানান, একবার পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দেখা করতে আসেন বিখ্যাত অ্যাকশন পরিচালক বীরু দেবগন। তিনিই পরেশ রাওয়ালকে বলেন, "সকালে উঠে নিজের প্রথম প্রস্রাব পান করতে। এটা অনেক স্টান্টম্যান করেন।"
পরেশ সেই পরামর্শ মেনেই কাজ করেন। ১৫ দিন পরে এক্স-রে দেখে চিকিৎসকরাও নাকি অবাক হন। হাড়ে দ্রুত জোড়া লাগছে দেখে প্রশ্ন করেন, "এই প্রলেপ কোথা থেকে এল?" ডাক্তাররা যেখানে আড়াই মাস হাসপাতালে থাকার কথা বলেছিলেন, তিনি বাড়ি ফেরেন মাত্র দেড় মাসেই।