স্মৃতি মান্ধনার সঙ্গে সম্পর্ক বিতর্কের মাঝেই মানহানি মামলায় অন্তর্বর্তী স্বস্তি পেলেন পলাশ মুচ্ছল।

স্মৃতি মান্ধনা ও পলাশ মুচ্ছল
শেষ আপডেট: 14 February 2026 18:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সঙ্গীত সুরকার ও গায়ক পলাশ মুচ্ছল (Palash Muchhal) সম্প্রতি ব্যক্তিগত জীবন এবং আইনি জটিলতা, দু’দিক থেকেই আলোচনায়। বিশেষ করে স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) সঙ্গে তাঁর বিয়ে বাতিলের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তিনি সংবাদ শিরোনামে রয়েছেন। এরই মধ্যে প্রতারণা সংক্রান্ত একটি মামলায় তিনি আংশিক স্বস্তি পেলেন। সংবাদ সংস্থা পিটিআই-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, বম্বে হাইকোর্ট অভিনেতা-প্রযোজক বিদ্যান মানেকে পলাশ মুচ্ছল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চ ১১ ফেব্রুয়ারির নির্দেশে জানায়, বিদ্যান মানের মন্তব্যগুলি “প্রাথমিকভাবে ইঙ্গিতপূর্ণ এবং মানহানিকর” বলে মনে হয়েছে। পলাশ মুচ্ছল তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিদ্যান মানের বিরুদ্ধে ক্ষতিপূরণ এবং স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেছিলেন।
আদালত স্পষ্টভাবে জানিয়েছে, “বিবাদী (মানে) বাদী (মুচ্ছল) এবং তাঁর মাকে আক্রমণ করার মতো আর কোনও উল্লেখ বা ইঙ্গিত করতে পারবেন না, যা উক্ত সাক্ষাৎকারে করা হয়েছে এবং যা প্রাথমিকভাবে মানহানিকর।”
মহারাষ্ট্রের সাঙ্গলির বাসিন্দা বিদ্যান মানে গত মাসে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২০২৩ সালের ৫ ডিসেম্বর সাঙ্গলিতে পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই সময় তিনি চলচ্চিত্র প্রযোজনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে পলাশ তাঁকে তাঁর আসন্ন প্রকল্প ‘নাজারিয়া’-তে প্রযোজক হিসেবে বিনিয়োগ করার প্রস্তাব দেন।
মানের অভিযোগ অনুযায়ী, পলাশ তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলে ২৫ লক্ষ টাকার বিনিয়োগে তিনি ১২ লক্ষ টাকা লাভ করতে পারবেন। পাশাপাশি ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
এরপর তাঁদের মধ্যে আরও দু’বার দেখা হয় এবং অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বিদ্যান মানে মোট ৪০ লক্ষ টাকা পলাশ মুচ্ছলকে দেন। কিন্তু ছবির কাজ শেষ হয়নি এবং বিনিয়োগের টাকা ফেরতও পাননি বলে দাবি করেন তিনি। শেষপর্যন্ত তিনি সাঙ্গলি পুলিশের দ্বারস্থ হন।
বিদ্যান মানে তাঁর অভিযোগে আরও দাবি করেছেন, বিয়ের আগেই স্মৃতি মান্ধনার সঙ্গে প্রতারণা করেছেন পলাশ মুচ্ছল। এই পরিস্থিতিতে আদালতের অন্তর্বর্তী নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি পেলেও, মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি।