দেশপ্রেমের গর্জন ফিরল আবার! ঝাঁঝালো সংলাপ, আধুনিক যুদ্ধ আর সানি দেওলের প্রত্যাবর্তনে কাঁপছে সোশ্যাল মিডিয়া।

বর্ডার ২
শেষ আপডেট: 16 January 2026 08:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় যুদ্ধভিত্তিক সিনেমার ইতিহাসে যে ছবিটির নাম বারবার ফিরে আসে, তা নিঃসন্দেহে ‘বর্ডার’। ১৯৯৭ সালে জে পি দত্তের পরিচালনায় তৈরি এই ছবি শুধু একটি সিনেমা নয়, বরং দেশপ্রেমের এক আবেগঘন অধ্যায়। সেই আবেগ, সেই গর্ব আর সেই শিহরণকে নতুন প্রজন্মের সামনে ফিরিয়ে আনতেই আসছে ‘বর্ডার ২’ (Border 2 Trailer)। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে, এই প্রত্যাবর্তন নিছক নস্টালজিয়ায় আটকে থাকছে না।
ট্রেলারের শুরুতেই পর্দায় ধরা দেন মেজর কুলদীপ সিং চন্দপুরীর চরিত্রে সেই চিরচেনা সানি দেওল। গলার সেই পরিচিত গর্জন আর দৃপ্ত স্ক্রিন প্রেজেন্স যেন মুহূর্তেই দর্শককে ফিরিয়ে নিয়ে যায় ‘ঢাই কিলো কা হাত’-এর যুগে। তবে এবারে যুদ্ধক্ষেত্রে সানি একা নন। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামছে একঝাঁক নতুন মুখ।
ট্রেলারের সবচেয়ে বড় চমক বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ। বরুণের অ্যাকশন হিরোর রূপ এবং দিলজিতের শক্তিশালী সংলাপ ছবিতে যোগ করেছে নতুন শক্তি। পাশাপাশি রয়েছেন সুনীল শেট্টির পুত্র অহন শেট্টি। এই তরুণ ব্রিগেড ও সানি দেওলের সমন্বয় যে রুপোলি পর্দায় আগুন ঝরাবে, তার ইঙ্গিত ট্রেলারেই স্পষ্ট।
পুরনো ‘বর্ডার’-এর আবেগকে আরও গভীর করে তুলেছে ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর সিগনেচার সুর। সেই চেনা সুরের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ভিএফএক্স, উন্নত অস্ত্রশস্ত্র, নিখুঁত সিনেমাটোগ্রাফি এবং টানটান যুদ্ধের দৃশ্য। ফলে এবারের লড়াই শুধুই আবেগের নয়, প্রযুক্তিগত দিক থেকেও আন্তর্জাতিক মান ছুঁতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।
ছবিটি পরিচালনা করছেন অনুরাগ সিং। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার ও জে পি দত্ত। ট্রেলারের শেষেই জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই বড় পর্দায় মুক্তি পাবে ‘বর্ডার ২’।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। নেটিজেনদের একাংশের মতে, এটি হতে চলেছে বছরের সবচেয়ে বড় অ্যাকশন কামব্যাক। আবারও একবার ‘হিন্দুস্তান জিন্দাবাদ’-এর ধ্বনিতে সিনেমা হল কাঁপাতে প্রস্তুত সানি দেওল ও তাঁর টিম, এমনটাই বিশ্বাস দর্শকদের।